দৃষ্টি নিভলেও ক্যাশ সামলাচ্ছেন তিনি

বেলা আড়াইটা। হোটেলকর্মীদের ব্যস্ত চলাচল। টেবিলগুলোও ফাঁকা নেই। দুপুরের খাবার খেতে আসা লোকের ভিড়। কেউ ভাত খাচ্ছেন, কেউ খাচ্ছেন বিরিয়ানির সঙ্গে বোরহানি। খাওয়া শেষে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল দিচ্ছেন। কাউন্টারে সানগ্লাস চোখে এক ব্যক্তি বসে আছেন। খাবারের দাম নিচ্ছেন। ভাঙতি টাকা ফিরিয়ে দিচ্ছেন। ময়মনসিংহের বড় বাজার এলাকায় বড় মসজিদের কাছে হোটেল মিনারের দৃশ্য এটি।
হোটেলের ক্যাশ কাউন্টারে বসে গুরুদায়িত্ব যিনি নিয়মিত পালন করে চলেছেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী হাফিজুর রহমান। তিন বছর ধরে গ্লুকোমার কারণে দৃষ্টিপ্রতিবন্ধিতাকে বরণ করে নিয়েছেন। এর আগে তাঁর স্বাভাবিক দৃষ্টিশক্তিই ছিল। সবকিছু দেখতে পেতেন। তবে এখন চোখে কিছু দেখতে না পেলেও থেমে যাননি। অফুরান প্রাণশক্তি দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার কথা হয় হাফিজুর রহমানের সঙ্গে। কথা বলার ফাঁকেই একজনের খাবারের বিল নিয়ে ভাঙতি টাকা ফেরত দিলেন। কিছু না দেখেও কীভাবে খাবারের দাম ঠিকঠাক রাখেন? বিস্ময় নিয়ে করা এই প্রশ্নের উত্তর দিলেন খুব স্বাভাবিক স্বরে। বললেন, টাকার আকার অনুযায়ী বুঝতে পারি কোনটি কত টাকার নোট।
ঠিক সেই সময়েই হোমিওপ্যাথি চিকিৎসক রেজাউল করিম দুপুরের খাবার শেষে বিল দিতে গিয়ে ২০০ টাকা দিলেন। তাঁর বিল হয়েছে ১১৫ টাকা। হাফিজুর গুনে গুনে টাকা ফেরত দিলেন। রেজাউল করিম জানালেন, হিসাবে কোনো গরমিল নেই।
পাশে বসে হাফিজুরকে সহায়তা করছেন তাঁর ফুপা কবির উদ্দিন। তাঁর কাজ হোটেলে খেতে আসা ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে হাফিজুরকে দেওয়া। আর ক্যাশ বইতে লিখে রাখা। বাকি কাজটুকু হাফিজুর একাই করছেন। তাঁর বাবা দেলোয়ার হোসেন ৪০ বছর আগে হোটেল ব্যবসা শুরু করেন। তিন ছেলের মধ্যে হাফিজুর বড় হওয়ায় তিনি হোটেলের ক্যাশ সামলাতেন। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। হাফিজুর ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে অনার্স করেছেন। চোখের আলো নিভে যাওয়ায় মাস্টার্স করা হয়নি।
হাফিজুর জানালেন তাঁর দৃষ্টিশক্তি হারানোর কথা। সময়টা ২০১৩ সালের ১৪ মে। সকাল থেকে হাফিজুরের সবকিছু পাল্টে যায়। এর আগে চোখে যে খুব বেশি সমস্যা ছিল তা-ও নয়। মাঝেমধ্যে তীব্র মাথা ব্যথা অনুভব করতেন। একবার চোখে ঝাপসা দেখা ছাড়া তেমন কিছু হয়নি। হাফিজুর বললেন, ‘এর আগের রাতে হোটেলের কাজ শেষ করে বাড়ি ফিরি। সকালে ঘুম থেকে উঠে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। ভাবলাম দৃষ্টিভ্রম। পরে জানতে পারি, ঘুমের মধ্যে আমার স্ট্রোক হয়েছে। চোখের অপটিক্যাল নার্ভ শুকিয়ে গেছে।’ হাফিজুর ভারতের চেন্নাইতে চোখের চিকিৎসা করাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ।
কথা বলার একপর্যায়ে হাফিজুরের ফুপা খুব স্বাভাবিকভাবে হাফিজুরের কাছে ২০ টাকা চাইলেন। মুহূর্তে হাফিজুরের হাত চলে গেল ২০ টাকার নোটে।
শুরুর দিকে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন হাফিজুর। জানালেন, দৃষ্টিশক্তি হারানোর মাত্র ছয় মাস আগে ২০১২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। স্ত্রী আয়েশা আক্তারকে নিজের বাড়িতে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছিল। সংসার শুরুর পর স্ত্রীকে মাত্র ছয় দিন চোখ দিয়ে দেখার সুযোগ পেয়েছেন। সেই স্ত্রীর অনুপ্রেরণাতেই আবার ঘুরে দাঁড়িয়েছেন।
হাফিজুর বললেন, ‘স্ত্রীকে মাত্র ছয় দিন দেখেছি। তাঁকে ভালো করে দেখার আগেই দৃষ্টিশক্তি হারিয়েছি। ১৮ মাস ঘরে বসে প্রচণ্ড কান্নাকাটি করেছি। তবে তাঁর (স্ত্রী) উৎসাহেই আবার ক্যাশে বসেছি।’ স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ছিল হাফিজুরের কণ্ঠে। জানালেন, স্ত্রী সন্তানসম্ভবা। অনাগত সন্তানকে হয়তো চোখ দিয়ে দেখা হবে না। তবে সন্তানকে স্পর্শ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
কথায় কথায় জানালেন, তিনি পিয়ানো বাজাতেন। এখনো মন বেশি খারাপ হলে পছন্দের কোনো গানের সুর তোলেন পিয়ানোতে। তবে সন্তানকে স্পর্শ করার সুখেও হয়তো পিয়ানোতে নতুন কোনো গানের সুর তুলবেন হাফিজুর রহমান।