দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার আইন ব্রেইলে
দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষার জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ ব্রেইলে মুদ্রণ করে প্রকাশ করল অ্যাকশনএইড বাংলাদেশ। বাংলাদেশের কোনো আইনের এটিই প্রথম ব্রেইল মুদ্রণ।
আজ সোমবার রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইনটির ব্রেইল মুদ্রণ কপি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। অ্যাকশনএইড বাংলাদেশের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আইনের কপি তুলে দিয়ে বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সরকার হলো জগদ্দল পাথরের মতো। যখন কথা হয় তখন উদ্যোগ নেয়। আবার থেমে যায়। তাই আইনটি হলেও তার বাস্তবায়ন নেই। আইন আর আইনের প্রয়োগ এক জিনিস না।’
আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, ‘আইন হচ্ছে রাষ্ট্রের দুর্বলদের স্বার্থ রক্ষার জন্য। তবে আমাদের দেশের আইন হয় সবলদের স্বার্থ রক্ষার জন্য। এটি মোটেও কাম্য নয়। প্রতিবন্ধীদের জন্য আইন করে আবার কিছু ধারার মাধ্যমে স্বার্থ হানি করা হয়েছে। তবে আইন হয়েছে, এটা ইতিবাচক দিক। আর এর ব্রেইল মুদ্রণের মাধ্যমের দৃষ্টিপ্রতিবন্ধী মানুষগুলো জানতে পারবেন তাদের অধিকার নিয়ে।’
অনুষ্ঠানে অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী বোর্ডের সদস্য এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী বলেন, ‘আইনের ব্রেইল ভার্সনটি খুব দরকার ছিল। প্রতিবন্ধী মানুষদের এই আইনটি জানা দরকার।’
ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর নির্বাহী পরিচালক সাইদুল হক বলেন, ‘আইনটির ব্রেইল মুদ্রণ একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে দুঃখের বিষয় আইনটি পাস হলেও এখনো কার্যকর করেনি সরকার। যতদিন পর্যন্ত আইনটি কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত আমরা কোনো সুফল পাব না।’
অ্যাকশনএইড বাংলাদেশের পরিচালক শাহনাজ আরেফিন বলেন, ‘২০১৩ সালে আইনটি পাস হলেও সকল দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আইনটি পাঠযোগ্য করেনি সরকার। এটা তাদের জন্য খুবই দরকার ছিল।’
প্রতিবন্ধী মানুষের সমাজ ও রাষ্ট্রের সব কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণের জন্য ২০১৩ সালের ৩ অক্টোবর জাতীয় সংসদে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ পাস হয়। তবে দেশের প্রায় ৪৫ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী ব্রেইল মুদ্রণ না থাকার কারণে নিজে পড়তে পারতেন না।