দৃষ্টি প্রতিবন্ধীদের কাবাডি, উপভোগ করলেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের মিরবাগ বালুরমাঠে আজ শুক্রবার দৃষ্টি প্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম
দক্ষিণ কেরানীগঞ্জের মিরবাগ বালুরমাঠে আজ শুক্রবার দৃষ্টি প্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম

ঢাকার কেরানীগঞ্জের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপভোগ করেছেন দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত কাবাডি প্রতিযোগিতা। ‘বিশ্ব সাদা ছড়ি’ দিবস উপলক্ষে আজ শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের মিরবাগ বালুরমাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকার এনামুল হকের দল ও কেরানীগঞ্জের কোরবান আলীর দল অংশ নেয়। প্রত্যেক দলে নয়জন করে ও দুজন করে অতিরিক্ত খেলোয়াড় অংশ নেন।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কোরবান আলীর দল। বিজয়ী দলের প্রত্যেককে একটি করে মুঠোফোন সেট ও রানার্সআপ দলের প্রত্যেককে একটি করে রেডিও উপহার দেওয়া হয়। এতে রেফারির দায়িত্ব পালন করেন আবদুল জব্বার ও সহকারী রেফারি ছিলেন আবদুস সামাদ।

বিকেল তিনটার দিকে মিরবাগ বালুরমাঠ এলাকায় গিয়ে দেখা গেছে, রাজধানীর আশপাশ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার কয়েক শ নারী-পুরুষ মাঠে ভিড় জমিয়েছেন। খেলা উপভোগ করতে অনেকেই মাঠের আশপাশের বাড়ির ছাদে ও দেয়ালের ওপর বসে রয়েছেন।

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকা থেকে আসা আবদুর রহমান বলেন, ‘আমি ছোট বেলা থেকে অনেক কাবাডি খেলা দেখেছি। অন্ধদের কাবাডি খেলা কখনো দেখিনি। তাই দুপুরের খাওয়া দাওয়ার পর আমার নাতি ইদ্রিসকে নিয়ে এসেছি খেলা দেখার জন্য।’

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা খালেক মিয়া (৩৮) বলেন, ‘দুই-তিন বছর আগে এখানে অন্ধদের কাবাডি প্রতিযোগিতা হয়েছিল। তখন এসেছিলাম। আজ আবার এসেছি আমার মেয়ে শিরিন আক্তারকে নিয়ে।’

দৃষ্টি প্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতায় পছন্দের দলের সাফল্যে সমর্থকদের উল্লাস। ছবি: মনিরুল আলম
দৃষ্টি প্রতিবন্ধীদের কাবাডি প্রতিযোগিতায় পছন্দের দলের সাফল্যে সমর্থকদের উল্লাস। ছবি: মনিরুল আলম

কেরানীগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী কাবাডি দলের অধিনায়ক আনোয়ার হোসেন বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে আমরা কাবাডি খেলছি। তিন বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এতে বিজয়ী দল হিসেবে আমরা একটি গরু উপহার পেয়েছিলাম। আজও আমরা টঙ্গী দলের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছি। আজ আমাদের বড় আনন্দের দিন।’

প্রতিযোগিতার আয়োজক শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য আফরোজা আক্তার। তিনি বলেন, ‘এলাকার জনগণকে আনন্দ দেওয়ার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে এলাকাবাসী খুব আনন্দ-উল্লাস করেছে। ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।’