দৃষ্টি ভিন্ন খাতে নিতে যুদ্ধাপরাধের বিচার করা হচ্ছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৪২ বছর পর জাতির সামনে অনেক চ্যালেঞ্জ। কিন্তু এখন এসব বাদ দিয়ে একটি চ্যালেঞ্জই সামনে এসেছে, তা হলো যুদ্ধাপরাধীদের বিচার। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এটা করা হচ্ছে।গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়, কিন্তু বিচারের নামে প্রহসন নয়। দলীয় স্বার্থ রক্ষা, ক্ষমতায় যাওয়া ও রাজনৈতিক উদ্দেশ্যে বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দেশে গণহত্যা চলেছিল। ৪২ বছর পর আজ নতুন গণহত্যা শুরু হয়েছে। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। তা হলো স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার যুদ্ধ।’ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার চেতনা নিয়ে এই সরকারকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।