দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে মোশাররফকে গ্রেপ্তার: রিজভী

নিজেদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার নিজেদের অন্যায়, অপকর্মের জবাবদিহির ভয়ে দুঃশাসনের চক্রান্তের জাল বুনে যাচ্ছে। খন্দকার মোশাররফ সরকারের সেই চক্রান্ত-জালের শিকার।
খন্দকার মোশাররফের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে রিজভী বলেন, খন্দকার মোশাররফকে গ্রেপ্তার করা অন্যায়। বিরোধী কণ্ঠকে প্রতিহিংসামূলকভাবে শ্বাসরোধ করার শামিল।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা-মামলা চালিয়ে যাচ্ছে সরকার। তার পরও জনগণ ভোটাধিকার প্রয়োগের যতটুকু সুযোগ পাচ্ছে জাতীয়তাবাদী শক্তির পক্ষে রায় ঘোষণা করছে। এ কারণে সরকার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছে।
)