দৃষ্টিজয়ীদের জন্য ১০ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০টি নতুন ব্রেইল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল। দৃষ্টিজয়ী লোকজনের জন্য এই আয়োজন করেছে স্পর্শ
১০টি নতুন ব্রেইল বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল। দৃষ্টিজয়ী লোকজনের জন্য এই আয়োজন করেছে স্পর্শ

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো প্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রেইল বইয়ের প্রকাশনা। এই অনুষ্ঠানের আয়োজন করে স্পর্শ নামের একটি সংগঠন। দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়েদের এগিয়ে নিতে নানা কাজ করছে তারা। দৃষ্টিপ্রতিবন্ধীদের তারা বলে ‘দৃষ্টিজয়ী’। সংগঠনটি এ বছর এক দশক পূর্ণ করছে।
গতকাল বিকেলে স্পর্শ দৃষ্টিজয়ী ও বিশেষ চাহিদাসম্পন্ন লোকজনকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, দাবা-সংগীত-বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী, ১০টি নতুন ব্রেইল বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। দৃষ্টিজয়ী শিশুদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালেরি এ টেইলর ও অ্যাসিড–সন্ত্রাসের শিকার নমিতা হালদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার।
স্বাগত বক্তব্যে স্পর্শের প্রধান উদ্যোক্তা নাজিয়া জাবীন সংগঠনটির যাত্রা শুরুর ঘটনা বর্ণনা করেন। ব্রেইলে বই প্রকাশের পেছনের মানুষদের ত্যাগের কথা তুলে ধরেন তিনি।
লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল দৃষ্টিপ্রতিবন্ধীদের উৎসাহ জোগাতে তিনটি গল্প বলেন। তিনি বলেন, ‘আমি এমন একজনের সঙ্গে কথা বলেছি যিনি দৃষ্টিপ্রতিবন্ধী কিন্তু বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পড়াশোনা করেছেন।’ তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের দয়া বা করুণা নয়, একটুখানি সাহায্য তাদের অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে।
দৃষ্টিজয়ী মর্জিনা বলেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ জন্য মিরপুর থেকে তাঁকে জিগাতলা যেতে অনেক কষ্ট করতে হয়। অনেকবার বাস পরিবর্তন করতে হয়। অনেক সময় তিনি বাসের চালকের সহকারীর কাছে লাঞ্ছনার শিকার হন।
মর্জিনার বক্তব্যের পর বক্তব্য দিতে আসেন তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যারা সত্যকে সত্য বলতে পারি না, তারা আসলে অন্ধ।’
স্থপতি, কবি রবিউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মফিদুল হক, ডেটাসফটের কর্ণধার মাহবুব জামান প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মঞ্চে আনুষ্ঠানিকভাবে লেখক মুহম্মদ জাফর ইকবাল, মালেকা বেগম, আনিসুল হক, লুৎফর রহমান রিটন, নাজিয়া জাবীন, মোহিত কামাল, ফেরদৌস খান, সোনিয়া হক, আলপনা হাবীব, লবী রহমান, শাহরিয়ার হোসেন, আনিসা হকের ১৪টি বই ব্রেইলে প্রকাশ করা হয়।