দৃষ্টিনন্দন পাতালপথ থাকলেও মানুষ চলে বিভাজক মাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সড়ক পারাপারের জন্য রয়েছে একটি অনিন্দ্যসুন্দর পাতালপথ (আন্ডারপাস)। এর দেয়ালে আঁকা রয়েছে দৃষ্টিনন্দন সব নকশা। এসব নকশায় রয়েছে জীবনের প্রতিচ্ছবি। কিন্তু সেই পথ দিয়ে কেউ চলে না। সাধারণ মানুষের চলাচল মূল সড়কের বিভাজকের ওপর দিয়ে।

সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের সড়ক পারাপারের সুবিধার জন্য মাটির নিচের অনেকটা জায়গাজুড়ে তৈরি করা হয়েছে পাতালপথটি। পথটিতে হকারদেরও উৎপাত নেই। পাতালপথের বাইরের সড়কে ধুলোয় ভরা থাকলেও এর ভেতরে নেই কোনো ময়লা-আবর্জনার চিহ্ন। নিয়মিত ময়লা-আবর্জনা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় পথটি। এ ছাড়া পথচারীদের ময়লা ফেলার জন্য রয়েছে বেশ কয়েকটি পাত্র। এর দুপাশের দেয়াল ও ছাদের দেয়ালে আঁকা রয়েছে দৃষ্টিনন্দন নকশা। এসব নকশায় আঁকা রয়েছে ফুল, পাখি ও গ্রামীণ জীবনের অপরূপ চিত্র। নকশায় আঁকা রয়েছে গ্রামের মেয়ে, প্রজাপতি ও ফুলের ছবি। দেয়ালে আঁকা রয়েছে জেলেদের মাছ ধরে নিয়ে যাওয়ার জীবনচিত্র। পাতালপথটি দিয়ে হাঁটার সময় চিরায়ত গ্রামীণ জীবনচিত্রের কথাই মনে করিয়ে দেবে সবাইকে। দিনরাত আলোকিত থাকে পাতালপথটি। এতে আরও  ফুটে ওঠে পাতাল পথটির সৌন্দর্য।

সড়ক পারাপারের সুবিধার জন্য পাতালপথ থাকা সত্ত্বেও প্রতিদিন অসংখ্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কের বিভাজকের ওপর দিয়ে পার হতে দেখা যায়। সড়কের মধ্যে এক জায়গায় পাকা দেয়ালের বিভাজকের বদলে রয়েছে বাঁশের বিভাজক। এই বাঁশের বিভাজকের ফাঁক দিয়ে দিনের বেলা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে দেখা গেল বেশ কয়েকজন যাত্রীকে।

অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সময় বাঁচানোর জন্য পাতালপথ ব্যবহার না করে মূল সড়কের ওপর দিয়েই তাঁরা পার হতে চান। পাতালপথ ব্যবহার না করার কারণ জানতে চাইলে সড়ক পার হয়ে আসা যাত্রী আবুল হাসান বলেন, ‘সময় বাঁচিয়ে দ্রুত সড়ক পার হওয়ার জন্য জীবনের ঝুঁকি থাকলেও রাস্তার মাঝখান দিয়ে চলে এসেছি।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে তৈরি করা হয়েছে এ পাতালপথ। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে একসময় এটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।