দৃষ্টিনন্দন মাঠে পশুর অবৈধ হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার জায়গা দখল করে পশুর হাট বসিয়েছেন বংশাল থানা ছাত্রলীগের সভাপতি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
খেলার জায়গা দখল করে পশুর হাট বসিয়েছেন বংশাল থানা ছাত্রলীগের সভাপতি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পুরান ঢাকার বাবুবাজার সেতুর নিচে দুই পিলারের মধ্যে ছোট্ট একটি ফাঁকা জায়গা। এর একটি পিলারের পুরোটায় বাংলাদেশের পতাকা আঁকা। ওপরে লেখা ‘শিশু, কিশোর, যুবকদের খেলাধুলা ও এলাকাবাসীর জন্য মুক্ত স্থান’। দুই পাশে বসার স্থানে পৃথকভাবে লেখা ‘আবাহনী’ ও ‘মোহামেডান’। কিন্তু দৃষ্টিনন্দন এই জায়গায় অবৈধভাবে বসছে কোরবানির পশুর হাট।

স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোরেরা জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের প্রস্তুতি নিয়েছিল তারা। কিন্তু এর মধ্যে পশুর হাট বসায় সব ভেস্তে গেছে। এই হাট বসাতে গিয়ে চারপাশে কয়েকটি স্টিলের বেড়াও ভেঙে ফেলা হয়েছে। হাটের বর্জ্য মাঠের ভেতরসহ আশপাশের সব সড়ক স্তূপ করে রাখা আছে। কিন্তু হাট বসানোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

বাবুবাজার সেতুর নিচে উন্মুক্ত এই জায়গায় ক্রিকেট খেলে মহল্লার শিশু-কিশোরেরা। ২০১৬ সালের ৩০ এপ্রিল তোলা ছবি
বাবুবাজার সেতুর নিচে উন্মুক্ত এই জায়গায় ক্রিকেট খেলে মহল্লার শিশু-কিশোরেরা। ২০১৬ সালের ৩০ এপ্রিল তোলা ছবি

বাবুবাজার এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের আওতাধীন। বংশাল রোড, কেপি ঘোষ স্ট্রিট, কসাইটুলী, গোবিন্দ দাস লেন, সৈয়দ হাসান আলী লেন, পিকে রায় লেন, হাজী আবদুল রশিদ লেন, রায় বাহাদুর ঈশ্বর চন্দ্র ঘোষ স্ট্রিট, কাজী জিয়া উদ্দীন রোড, সামসাবাদ লেন, শাহজাদা মিয়া লেন, গোপীনাথ দত্ত কবিরাজ স্ট্রিট ও হরনী স্ট্রিট, বাগডাসা লেন, হায়বাত নগর লেন, শরৎ চক্রবর্তী রোড, কাজীমুদ্দিন সিদ্দিকী লেন, আকমল খান রোড, জিন্দাবাহার লেন ও জুমবালী লেন নিয়ে এই ওয়ার্ড গঠিত।

এসব এলাকার সড়ক ও গলিতে অবৈধ বাস ও সিএনজিস্ট্যান্ড, সড়কে অবৈধ দোকানপাট, তীব্র যানজট, যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ, মাদকের উপদ্রব আছে। এতে প্রতিনিয়ত নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে আছে নয়াবাজার (কাঁচাবাজার), প্রায় একই অবস্থা হাজী জুম্মন কমিউনিটি সেন্টারের। গতকাল এই এলাকাগুলো ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

বাবুবাজার সেতুর নিচে পশুর হাট

নয়াবাজার ও সিরাজ উদ্দৌলা পার্কের সামনে থেকে মিটফোর্ড হাসপাতালের পূর্ব-দক্ষিণ মাথা পর্যন্ত (বুড়িগঙ্গা নদী) বাবুবাজার সেতুর নিচে চার শতাধিক গরু রাখা হয়েছে। সড়কে লেগে আছে তীব্র যানজট। এর মধ্যে সেতুর দক্ষিণ অংশে বাংলাদেশের পতাকা আঁকা ওই ফাঁকা জায়গাটিতেও পশু রেখেছেন ব্যবসায়ীরা। এ জন্য চারপাশে কয়েকটি স্টিলের বেড়া খুলে ফেলেছেন তাঁরা।

বুড়িগঙ্গা সেতুর নিচে এই খালি জায়গাটিতে খেলাধুলার ব্যবস্থা করেছিলেন বাবুবাজার-বাদামতলী সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালে এই জায়গাটিতে মহল্লার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার ব্যবস্থা করেছি। প্রতিবছর এখানে বাবুবাজার ক্রিকেট লিগ, এডিএম আমানউল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, হাজী আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, বাবুবাজার-বাদামতলী মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবার ঈদে ক্রিকেট টুর্নামেন্ট করার কথা ছিল। কিন্তু এর মধ্যে গত কয়েক দিন আগে রাতের অন্ধকারে পশুর অবৈধ হাট বসে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক বাবুবাজারের এক বাসিন্দা বলেন, ২০১৫ সাল পর্যন্ত বাবুবাজার সেতুর নিচে চালের অবৈধ আড়ত ছিল। ওই বছর তা উচ্ছেদ করেছিল ডিএসসিসি। এরপর ওই মাঠটিসহ সেতুর নিচে পুরো জায়গাটিতে পার্কিং তৈরির করার উদ্যোগ নেয় ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ। পরে ওই মাঠটি রক্ষায় গত বছরের ১১ আগস্ট ডিএসসিসির মেয়র বরাবর আবেদন করলে তা স্থগিত রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ও দরপত্র ছাড়াই ওই ওয়ার্ডের আবাসিক এলাকার সামসাবাদে সড়কে পশুর হাট ইজারা দেয় ডিএসসিসি। এই হাটের ইজারা পেয়েছেন বংশাল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। পরোক্ষভাবে তাঁর সঙ্গে কাজ করছেন ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল শাহ। তাঁরা এই হাটের সীমানা বাড়িয়ে প্রায় এক কিলোমিটার দক্ষিণে চলে এসেছেন।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকায় খেলাধুলার তেমন কোনো জায়গা নেই। তাই সারা দিনই একেকটি দলে এই ফাঁকা জায়গায় খেলাধুলা করত শিশু-কিশোরেরা। কিন্তু পশুর হাটের অব্যবস্থাপনার কারণে খেলার জায়গাটি নষ্ট হয়ে গেছে। কোরবানি শেষে তা ঠিক করতে অনেক দিন সময় লেগে যাবে।