দৃষ্টিনন্দন মোড়কে ভেজাল বীজ প্রতারণার শিকার কৃষক
গুণগতমান নিশ্চিত না করেই নিয়মবহির্ভূতভাবে সাধারণ ধান দৃষ্টিনন্দন মোড়কে ভরে বীজ হিসেবে বাজারজাত করছে নাটোরের কথিত কয়েকটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রশাসনের তদারকি না থাকায় এসব ধানবীজ ব্যবহার করে কৃষকেরা প্রতারিত হচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে কয়েকজন অসাধু ব্যবসায়ী গুণগতমান নিশ্চিত না করেই বাহারি নামে ভেজাল ধানবীজ বাজারজাত করছেন। বাজার থেকে সাধারণ ধান সংগ্রহ করে তা যাচাই-বাছাই ছাড়াই দৃষ্টিনন্দন মোড়কে ভরা হচ্ছে। পরে এসব মোড়কের সঙ্গে ভুয়া প্রত্যয়নপত্র যুক্ত করে চলনবিলের বিভিন্ন বাজারসহ দেশের ২০টি জেলায় সরবরাহ করা হচ্ছে।
গত শুক্র ও শনিবার চলনবিলের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, স্কয়ার সিড কোম্পানি, গাজীপুর সিড লিমিটেড, কৃষক বন্ধু বীজ ভান্ডার, গ্রিন সুপার সিডস, লর্ডস ইন্টারন্যাশনাল সিডস, সরকার সিডস লিমিটেড, গোল্ডেন সিড, তালুকদার সিডস, শেখ সিড এবং ফুর্তি সিডস লিমিটেডের কোম্পানির ধানবীজ বিক্রি করা হচ্ছে। এসব কোম্পানির মোড়কে বিক্রি হচ্ছে বিআর-২৮, বিআর-২৯, বিআর-৫০ জাতের রোপা আমন ধানের বীজ।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সিংড়া উপজেলা সদর ও তার আশপাশের বাড়িঘরে এসব বীজ প্রক্রিয়াজাত করা হচ্ছে। তবে সাইনবোর্ড না থাকায় বীজ প্রক্রিয়াজাতের এসব স্থান চেনা মুশকিল। অনেক খোঁজাখুঁজির পর সিংড়া পৌরসভার নিংগইনে গাজীপুর সিড লিমিটেড ও ফেরিঘাটসংলগ্ন আউকুড়ি মৌজায় স্কয়ার সিড কোম্পানির সন্ধান পাওয়া যায়।
গাজীপুর সিড লিমিটেডে দেখা গেছে, খোলা বাজার থেকে ধান কিনে এনে তা রোদে শুকানো হচ্ছে। পরে বৈদ্যুতিক পাখা দিয়ে ধানের চিটা ও আবর্জনা বেছে ফেলা হচ্ছে। এরপর তা যাচাই-বাছাই না করেই সেগুলো সরাসরি ধান বীজ হিসেবে মোড়কে ভরা হচ্ছে। মোড়কের গায়ে ‘সরকার অনুমোদিত’ লিখে তা বিক্রির জন্য পাঠানো হচ্ছে।
স্কয়ার সিড কোম্পানির বীজ উৎপাদনের বিশেষায়িত ধানখেত নেই। তাদের রাজশাহী বীজ প্রত্যয়ন কার্যালয় থেকে সার্টিফিকেটও দেওয়া হয়নি। বীজ মোড়কজাত করার সময় প্রতিষ্ঠানে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকেও দেখা যায়নি।
সিংড়ার সাতপুকুরিয়া গ্রামের কৃষক আবু তাহের বলেন, ‘আমি গত বছর গাজীপুর সিডস থেকে ধান বীজ কিনে প্রতারিত হয়েছি। কারণ ওই বীজ থেকে চারা গজায়নি।’
সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রতিবছরই ভেজাল বীজ কিনে কৃষক প্রতারিত হওয়ার অভিযোগ আমার কাছে আসে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। তবে সরষের ভেতর ভূত থাকলে যা হয় তাই হয়েছে।’
রাজশাহী অঞ্চলের বীজ প্রত্যয়ন কর্মকর্তা আহমেদ শাফি বলেন, ‘শুধু প্রত্যয়নপত্র নিয়ে বীজ বাজারজাত করলেই তা মানসমঞ্চত বীজ হবে না। সব শর্ত পূরণ করে বীজ মোড়কজাত করা হচ্ছে কি না তা সরাসরি পর্যবেক্ষণ (মনিটর) করা দরকার। জনবল কম থাকায় আমরা সব ক্ষেত্রে তা করতে পারি না। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা খারাপ বীজ বাজারজাত করছে।’
গাজীপুর সিড লিমিটেডের মালিক আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা দেশের উত্তর-পূর্ব অঞ্চলের প্রায় ২০টি জেলায় বীজ সরবরাহ করি। এর মধ্যে দু-একজন কৃষক অভিযোগ করতেই পারেন। চারা উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটিও এর কারণ হতে পারে।’
স্কয়ার সিড কোম্পানির মালিক বিদ্যুৎ কুমার প্রত্যয়ন সনদ না থাকার কথা স্বীকার করে বলেন, ‘আবেদন করেছি। অন্যান্য শর্ত পূরণ করার চেষ্টা করছি।’
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব সুব্রত কুমার সরকার বলেন, ‘বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তদারকি করার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে থাকি।’