চট্টগ্রাম নগরের দৃষ্টিনন্দন সিআরবি এলাকা এখন সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির গন্তব্য সিআরবি এলাকায়। দেড় মাস ধরে রাতের দিকে সেখানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এতে উৎকট গন্ধে সেখানে টিকে থাকাই দায়। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর চিটাগাং রেলওয়ে বিল্ডিং (সিআরবি)। এটি চট্টগ্রাম নগরের স্বাস্থ্যকর জায়গা হিসেবে পরিচিত। সকালে ও বিকেলে আশপাশের লোকজন ওই এলাকায় হাঁটাচলা করে আসছেন। দেড় মাস ধরে ময়লা ফেলার কারণে সিআরবি এলাকা অস্বাস্থ্যকর হয়ে পড়েছে।রেলওয়ের প্রধান কমান্ড্যান্ট ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন রাতের দিকে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি সিআরবি এলাকার দিকে ছুটে যায়। এরপর ময়লা ফেলে গাড়িগুলো দ্রুত চলে যায়। পাহারা দিয়ে গত ২২ নভেম্বর একটি ময়লাবাহী গাড়ি আমরা আটক করি। করপোরেশনের লোকজন এসে মুচলেকা দিয়ে গাড়িটি ছাড়িয়ে নেয়। কিন্তু কথা দিয়ে কথা রাখেনি সিটি করপোরেশন। প্রতি রাতে ময়লা ফেলা হচ্ছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, সিটি করপোশেনের এক শ্রেণীর কর্মকর্তা ও গাড়িচালকের যোগসাজশে এই কাণ্ড ঘটছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরের বিভিন্ন এলাকায় নালা থেকে মাটি উত্তোলনের পর গাড়িচালকেরা সেই মাটি আমাদের অজ্ঞাতসারে সিআরবি এলাকায় ফেলে আসেন। এটা মাস দুয়েক আগের ঘটনা। এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের সঙ্গে কথা হয়েছে। আমরা সেই সব মাটি তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আর ময়লা ফেলা হবে না।’ তবে পরিচ্ছন্ন কর্মকর্তা সিদ্দিকীর বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। গত শনিবার রাতেও সেখানে ময়লা ফেলা হয়েছে বলে সরেজমিন ঘুরে দেখা গেছে।