দৃষ্টিনন্দন 'নির্বাচন ভবন'

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষ চারতলায়। তাঁর কক্ষের সামনেই একটি ফোয়ারা। এ ছাড়া ভবনের সামনে ও পেছনের দিকে আছে দুটি বড় ফোয়ারা বা ঝরনা। আছে ছোট ছোট দুটি কই পুকুর। পুকুরে কই মাছ থাকবে। পুকুরের পাশের ছোট ঝরনা থেকে শব্দ করে পানি পড়বে। সন্ধ্যার পর পুকুরে পানির ভেতর থেকে লাল, নীল বাতি জ্বলবে। মাটির নিচে (বেসমেন্ট ২) আছে ৩০০ আসনের একটি অত্যাধুনিক মিলনায়তন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের জন্য অত্যাধুনিকভাবে তৈরি হয়েছে এই নিজস্ব ভবন।
স্বাধীনতার ৪৫ বছর পর কমিশন ভাড়াবাড়ি থেকে নিজস্ব ভবনে যাচ্ছে। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি মাসে। তার আগেই ২২ জানুয়ারি কমিশন যাচ্ছে নতুন ভবনে। গত ৩১ ডিসেম্বর ভবনটি উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৪ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ২ দশমিক ৩৬ একর জায়গায় নির্মিত ১১ তলা ‘নির্বাচন ভবন’। চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও বর্তমান কমিশনের পক্ষ থেকে তাগিদ দেওয়ায় তড়িঘড়ি করে কাজ শেষ করছে নির্মাতাপ্রতিষ্ঠান দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড। নির্মাতাপ্রতিষ্ঠানের প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামছুর রহমান বললেন, নির্ধারিত সময়ের আগেই লিফট লাগানোসহ যে কাজ বাকি আছে, তা শেষ করা সম্ভব হবে। কাজ একেবারেই শেষ পর্যায়ে।
ভবনের সামনে মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। মূল ফটকের আরেক পাশে হচ্ছে শহীদ মিনার তৈরির কাজ। ভবনে ঢোকার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ারের জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন তথ্য জানার জন্য যে ডেস্ক, তারও দুই পাশ ঢালু রাখা হয়েছে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য। দোতলায় হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। ডেস্কের একটি ম্যুরালে মুক্তিযুদ্ধ, এক নারী ভোট দিচ্ছেন, নদী, গ্রাম ও ঢাকা শহরের দৃশ্য।
কমিশনের নিজেদের মধ্যে আলোচনার জন্য আছে ছোট কনফারেন্স রুম। সাততলায় গণমাধ্যমকর্মীদের জন্য রয়েছে মিডিয়া সেন্টার। ভবনের বাইরে সূর্যের আলো যাতে বেসমেন্ট পর্যন্ত যেতে পারে (আলো ঢোকার জন্য ফাঁকা জায়গা বা ভয়েড) তার ব্যবস্থা করা হয়েছে। এ ভবনে থাকবে নির্বাচন কমিশন, কমিশন সচিবালয়, এনআইডি ডেটা সেন্টার, পারসোনালাইজেশন সেন্টার, নির্বাচনসংক্রান্ত জাদুঘর ও লাইব্রেরি।
প্রকল্প পরিচালক শামছুর রহমান প্রথম আলোকে বলেন, প্রকল্পের ব্যয় ৮৩ কোটি ৭১ লাখ টাকা। নির্মাতাপ্রতিষ্ঠান এর চেয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করছে। তবে সরকারি প্রতিষ্ঠানে নান্দনিকতার দিক থেকে এ ভবনটিকে এক নম্বরে রাখা যায়।
নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, এ ভবনে ৭টি গুদাম, ১০০ গাড়ির পার্কিং ব্যবস্থাসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। বিশেষ করে নির্বাচনসংক্রান্ত সব সুযোগ-সুবিধা একই ছাদের নিচ থেকে পাবে জনগণ। পুরোপুরি কাজ শেষ হলে শুধু ভবনের নান্দনিকতা উপভোগের জন্যই মানুষ এ ভবনে বেড়াতে আসবে। ঢাকায় এখন পর্যন্ত যে ভবন আছে, নান্দনিকতার দিক থেকে এটি এক নম্বরে থাকবে।