দৃষ্টিপ্রতিবন্ধী খুনের মূল পরিকল্পনাকারী আইয়ুব আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব এম খলিলুর রহমানকে হত্যার মূল পরিকল্পনায় ছিলেন আর এক দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী। ১ জানুয়ারি রাতে প্রতিপক্ষ আইয়ুবের সঙ্গে বৈঠকের নামে একটি বাসায় ডেকে নিয়ে তাঁকে খুন করা হয়। রিমান্ডে থাকা খলিলের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিনহাজউদ্দিন, সোহাগ হোসেন ও ইয়াকুব আলী মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, রিমান্ডে আসামিরা জানান আইয়ুব একসময় জাতীয় অন্ধ সংস্থায় চাকরি করতেন। কিন্তু খলিল তাঁকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর খলিলের সঙ্গে নির্বাচনে হেরে গিয়ে আইয়ুব আরও ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার পরিকল্পনা নেন। তবে মিরপুর-১ নম্বরে জনতা হাউজিংয়ের বাসায় কে তাঁকে ডেকে নেন, এ ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলেননি। খুন হওয়ার আগে গত বছরের ২২ নভেম্বর জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব এম খলিলুর রহমান মিরপুর থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) বলেছিলেন, প্রতিপক্ষ আইয়ুব আলী তাঁর প্রাণনাশের চেষ্টা করছেন। এরপর গত বছরের ৫ ডিসেম্বর খলিলুর রহমান হয়রানি থেকে রক্ষা পেতে পুলিশের মহাপরিদর্শকের বরাবরে আবেদন করেছিলেন। এতে বলা হয়, ‘আমার নির্বাচনী প্রতিপক্ষ আইয়ুব আলী আমি (খলিলুর রহমান), সংস্থাটির সভাপতি, কোষাধ্যক্ষ ও কর্মচারীদের বিরুদ্ধে তেজগাঁও, লালবাগ, চকবাজার ও সাভার থানায় পাঁচটি মামলা করেন। মিথ্যা প্রমাণিত হওয়ায় এসব মামলার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।’ মিরপুর থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে আবারও মিনহাজ, সোহাগ ও ইয়াকুবকে দুই দিনের রিমান্ডে আনা হয়। গত শনিবার রাতে অস্ত্রধারী দুই সন্ত্রাসী শাহআলীবাগে জনতা হাউজিংয়ে ইয়াকুবের বাসায় ঢুকে খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁকে গুলি করে হত্যা করে।