দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীসহ দুজন ধর্ষণের শিকার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী (১৮) ও তাঁর ফুফাতো বোন (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই তরুণীর পরিবার বলছে, অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের হুমকির কারণে তাঁরা মামলা করতে সাহস পাচ্ছেন না।ধর্ষণের শিকার এক তরুণী বলেন, ৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তিনি স্থানীয় একটি সুতার কারখানা থেকে কাজ শেষে মামার বাড়িতে ফেরেন। ওই সময় ফজলুল হক (৩২) নামের এক ব্যক্তি তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী মামাতো বোনের কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। একই সময় খসরু (৪৫) নামের এক ব্যক্তি তাঁর কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। রাতেই বিষয়টি ইউপি সদস্য শামসুল হককে জানালে তিনি স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দেন। পরে ৫ অক্টোবর রাতে ইউপি সদস্য শামসুল হক সালিস আহ্বান করেন। কিন্তু সালিসে ওই ঘটনা সম্পর্কে কোনো আলোচনা ছাড়াই ইউপি সদস্য উঠে চলে যান। এর পর থেকে ওই ইউপি সদস্য বিচারের আশ্বাস দিয়ে যাচ্ছেন। ওই তরুণী বলেন, ফজলুল হক ও খসরুর পরিবার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছে। এ কারণে তাঁরা মামলা করতে সাহস পাচ্ছেন না। তিনি জানান, ধর্ষক খসরু ইউপি সদস্য শামসুল হকের চাচাতো ভাই।ওই দুই তরুণীর পরিবারের অভিযোগ, ইউপি সদস্য শামসুল হক সময়ক্ষেপণ করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শামসুল হক বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হবে। কাউকে হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন। শ্রীপুর থানার ওসি আকতারুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।