দৃষ্টিপ্রতিবন্ধী বলে পরীক্ষা বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাফর ব্যাপারী (১২) তিন বছর বয়স থেকে দৃষ্টিপ্রতিবন্ধী। গরিব ঘরের সন্তান হলেও লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ। তাই বাবা-মা তাকে বিদ্যালয়ে পাঠান। কিন্তু বিদ্যালয়ের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কায় জাফরের নাম নিবন্ধন করেননি শিক্ষক। তাই সে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ ঘটনা ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়। জাফর বর্তমানে বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাকুল। সে বলে, ‘মুই লেহাপড়া করমু, মোরে কেন পড়তে দিল না। মোর চোখের আলো কম থাকলেও মুই লেহাপড়া কইর্যা শিক্ষার আলো দিয়া হেইয়া পুড়ামু।’
পারিবারিক সূত্রে জানা গেছে, কাসেমাবাদ গ্রামের রিকশাচালক বেল্লাল ব্যাপারী ও দিনমজুর রাবেয়া বেগমের বড় ছেলে জাফর। তিন বছর বয়সে সে জ্বরে আক্রান্ত হলে চোখে কম দেখতে শুরু করে। অর্থের অভাবে তার চিকিৎসা হয়নি। জাফরের বাবা বেল্লাল জানান, ছেলে চোখে কিছুটা দেখে। তার অনেক ইচ্ছা লেখাপড়া করার। সাত বছর বয়সে সে কাসেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়। শিক্ষকদের একগুঁয়েমি ও খামখেয়ালিপনার কারণে এখন সে পরীক্ষা দিতে পারল না। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন বলেন, সে (জাফর) ভালো লিখতে না পারলে ফেল (অকৃতকার্য) করবে। এতে বিদ্যালয়ের সুনাম নষ্ট হবে।
জাফরের মা বলেন, নাম নিবন্ধন না হলে জাফর কান্নাকাটি শুরু করে। পরে তিনি প্রধান শিক্ষকের কাছে গিয়ে ছেলের নাম নিবন্ধন করাতে জোর অনুরোধ করেন। জাফর পাস করবে—এই মর্মে তিনি প্রধান শিক্ষককে লিখিত দেবেন বলেছিলেন। কিন্তু তাতেও প্রধান শিক্ষকের মন গলেনি।
খাদিজা ইয়াসমিন বলেন, জাফর পড়ালেখায় খুব দুর্বল। তাই ওকে নিবন্ধন করতে দেওয়া হয়নি।
গৌরনদী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কোনো শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করার এখতিয়ার শিক্ষকদের নেই। ঘটনাটি সত্য হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’