দৃষ্টিপ্রতিবন্ধী মাইশা হলিক্রসে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিয়া হাসান মাইশা
নাজিয়া হাসান মাইশা

আগে এক চোখে দেখতে পেত। কয়েক বছর আগে সে চোখটিও নষ্ট হয়ে যায়। এরপর থেকেই পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় নাজিয়া হাসান মাইশার জগৎ। তবু থেমে যায়নি মাইশা। দুই চোখে দৃষ্টি না থাকলেও অনেক স্বপ্ন তার। দৃষ্টি প্রতিবন্ধিতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে মাইশা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। আর আজ বৃহস্পতিবার সে তার স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে গেল। সে রাজধানীর হলিক্রস কলেজের এইচএসসি মানবিক বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কাল শুক্রবার ভর্তি হওয়ার মধ্যে দিয়ে স্বপ্নের পথে তার যাত্রা শুরু হবে।
গত ৭ জুন প্রথম আলোর অনলাইনে ভার্সনে ‘ভালো ফল করেও চিন্তিত দৃষ্টিপ্রতিবন্ধী মাইশা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন মাইশা ভালো ফল করেও ভালো কলেজে ভর্তি হতে পারবে কি না সে আশঙ্কার কথা জানিয়েছিল।
আজ বিকেলে টেলিফোনে মাইশা প্রথম আলোকে বলে, ‘আমার খুব ইচ্ছা ছিল হলিক্রসে পড়ার। আজ ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি টিকেছি। কাল ভর্তি।’
মাইশা আরও বলে, ‘হলিক্রস থেকে ফরম তুলতে মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের সাবেক প্রিন্সিপাল সিলভিয়া শান্তশ্রী মজুমদার ও ওয়াইডব্লিউসিএ’র কয়েকজন শিক্ষক বিভিন্নভাবে সহায়তা করেন। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন ফটোকপি করে নিয়ে গেলে হলিক্রসের প্রিন্সিপাল সে প্রতিবেদন পড়েন। তিনি আমার পড়াশোনা পদ্ধতিসহ অনেক কিছু জানতে চান। আমাকে ভর্তি করা যাবে কি না তা নিয়ে অন্য শিক্ষকদের সঙ্গে মিটিং করেন। পরে বলেন ভর্তি পরীক্ষায় পাস করতে পারলে আমাকে ভর্তি করবেন। ভর্তিপরীক্ষায় শ্রুতি লেখক আমরাই নিয়ে যাই। তিনি শ্রুতিলেখকের অনুমতি দেন। খুব সম্ভবত আমিই হলিক্রসে প্রথম ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।’

মা বাবার সঙ্গে নাজিয়া হাসান মাইশা
মা বাবার সঙ্গে নাজিয়া হাসান মাইশা


মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে এসএসসিতে মাইশা জিপিএ ৫ পায়। মাইশা তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মঈন উদ্দিন কুয়েতে থাকেন। মা সালমা আক্তার। মাইশার জন্মগত গ্লুকোমা। প্রথম দিকে সে এক চোখে একটু একটু দেখতে পেত। পঞ্চম শ্রেণি পর্যন্ত সে স্বাভাবিক স্কুলেই অন্যদের সঙ্গে পড়াশোনা করে। ২০০৬ সাল থেকে সে একেবারেই দেখছে না। তাই তাকে মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে ভর্তি করা হয়। সপ্তম শ্রেণি পর্যন্ত সে সেখানেই পড়াশোনা করে। তারপর ব্যাপটিস্ট মিশনের সার্বিক তত্ত্বাবধানে মাইশা ভর্তি হয় মিরপুর গার্লস আইডিয়ালে। এবার এ প্রতিষ্ঠান থেকে মোট সাতজন দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে এসএসসি পরীক্ষা দেয়। অন্যরা ‘এ’ পেয়েছে, শুধু মাইশা জিপিএ ৫ পেয়েছে।

আরও পড়ুন :–
ভালো ফল করেও চিন্তিত দৃষ্টিপ্রতিবন্ধী মাইশা