দৃষ্টিপ্রতিবন্ধী রিকশাচালক পেলেন জমি ও অটোরিকশা
ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী ও হতদরিদ্র রিকশাচালক মনির আহম্মদকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি, গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও অটোরিকশা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
মনির আহম্মদকে জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার জমির দলিল, গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকায় কেনা একটি অটোরিকশার চাবি হস্তান্তর করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ইউএনও পি কে এম এনামুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। গত বছর ১১ নভেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় ‘ফাদার্স আই’ শিরোনামে মনির আহম্মদকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, মনির আহম্মদের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার। তাঁর বসতভিটা নেই। অন্যের জায়গায় এক কক্ষের একটি খুপরিতে তাঁদের বাস। দৃষ্টিপ্রতিবন্ধী হলেও জীবিকার জন্য তিনি রিকশা চালান। তাঁর ছোট মেয়ে রিকশাচালকের সামনে বসে সড়কে ডান-বাম, গর্তসহ গতিনিয়ন্ত্রণ ও দিকনির্দেশনার ভূমিকা পালন করত। এর আগে বড় ছেলে এবং বড় মেয়ে তাঁর রিকশা চালানোর পথপ্রদর্শক ছিল। বড় মেয়ে এখন অন্যের বাড়িতে কাজ করে। ছেলে একটি ভাড়া করা অটোরিকশা চালায়। ছোট মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
মনির আহম্মদ বলেন, ওই প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় ও ফেনী জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনির আহম্মদকে পুনর্বাসনের ব্যবস্থা নিতে বলা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন উপজেলার সুন্দরপুর বাজারসংলগ্ন পাঁচ শতক খাসজমি মনিরকে বন্দোবস্ত দেয়। ওই জমিতে বসতঘর নির্মাণের জন্য তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদানের ২ লাখ টাকার সঙ্গে স্থানীয়ভাবে সংগৃহীত ২৫ হাজার টাকাসহ ২ লাখ ২৫ হাজার টাকায় অটোরিকশা কিনে তাঁকে দেওয়া হয়। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী হিসেবে তাঁকে মাসিক ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।