দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা হতে চায় না। তারা আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সাধারণ নাগরিকের মতো সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। এদের পাশে সহযোগী হয়ে দাঁড়ানো প্রয়োজন। কারিগরি শিক্ষা প্রদান করে এদের স্বাবলম্বী করে তোলা সম্ভব।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নগরের বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ওই কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল সোসাইটি অব দ্য ব্লাইন্ড অ্যান্ড পারশ্যালি সাইটেড (এনএসবিপি) নামের জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা।
এনএসবিপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নূরুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুন্নেছা আফরোজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৪ লাখ দৃষ্টিহীন এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি আছে।
অনুষ্ঠানে বরিশাল জেলার ১০০ দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তির অর্থ, ব্রেইল শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও চলাচলের জন্য সাদা ছড়ি প্রদান করা হয়। প্রতি শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।