জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বাকি আর মাত্র সাত দিন। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় কাটাবে এটাই স্বাভাবিক। কিন্তু চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে পরীক্ষার প্রস্তুতির চেয়েও বড় বিষয় হয়ে উঠেছে শ্রুতলেখক জোগাড় করা। কয়েক দিন ধরে হন্যে হয়ে ছুটছে তারা। শ্রুতলেখক জোগাড় করতে না পারলে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেওয়া হবে না তাদের।
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় থেকে এবার ১২ জন (একজন বুদ্ধিপ্রতিবন্ধীসহ) শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এখন পর্যন্ত মাত্র পাঁচজন পরীক্ষার্থী শ্রুতলেখক জোগাড় করতে পেরেছে। বাকি সাত পরীক্ষার্থীর দিন কাটছে উৎকণ্ঠায়। শ্রুতলেখকের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা কয়েক মাস আগে থেকেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ধরনা দিয়ে আসছিলেন। কিন্তু সেভাবে সাড়া মেলেনি।
দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতলেখকের সাহায্য নিয়ে পরীক্ষা দিতে হয়। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জেএসসি, এসএসসিসহ সব পাবলিক পরীক্ষায় শ্রুতলেখকের সাহায্য নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। শ্রুতলেখককে দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীর এক ক্লাস নিচের শিক্ষার্থী হতে হয়।
সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘প্রতিবার পরীক্ষার সময় শ্রুতলেখকের সংকটে পড়ি। বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষকদের ধরেও শ্রুতলেখক জোগাড় করা কঠিন হয়ে পড়ে। দেখা গেছে, শ্রুতলেখক হতে কোনো শিক্ষার্থী রাজি থাকলেও তার অভিভাবক রাজি হন না। এবার আমাদের পরীক্ষার্থী ১২ জন। শ্রুতলেখক পেয়েছি মাত্র পাঁচজন। টাকার বিনিময়েও শ্রুতলেখক পাওয়া যায় না।’
দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রুতলেখক পাওয়া গেলেও পরীক্ষার সময় তাদের নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। অনেকে শুনে ঠিকভাবে লিখতে পারে না। আবার কখনো শ্রুতলেখক পরীক্ষার হলে পৌঁছাতে দেরি করে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পরীক্ষায় ২০ মিনিট অতিরিক্ত বরাদ্দ থাকে।
দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থী রাহী বি চৌধুরী বলেন, ‘এখনো কোনো শ্রুতলেখক পাইনি। কেউ রাজি হচ্ছে না। জানি না কী হবে।’ ছয় বছর বয়সে সড়ক দুর্ঘটনায় পড়ে দুই চোখের দৃষ্টিশক্তি হারায় সে। এক ভাই ও এক বোনের মধ্যে রাহী ছোট। তার মা রেহেনারা বেগম ছেলের জন্য শ্রুতলেখক জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আমার ঘুম হারাম হওয়ার দশা। কেউ প্রথমে রাজি হয় পরে আবার উল্টে যায়।’
১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীর মধ্যে চারজন জন্মান্ধ। অন্যরা দুর্ঘটনা ও অসুখের কারণে দৃষ্টিশক্তি হারায়। সবাই বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। তাদের একজন সরস্বতী দেবনাথ। সে বলে, ‘আমিও বন্ধুবান্ধবকে বলছি সনাতন ধর্মাবলম্বী শ্রুতলেখকের জন্য। কারণ আমার হিন্দুধর্মের পরীক্ষা দিতে হবে। কিন্তু এখনো পাইনি।’
নগরের রহমানিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতলেখক হতে রাজি হয়েছে। নুসরাত বলে, ‘আমি চতুর্থ শ্রেণিতে থাকা অবস্থায়ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় একজনের শ্রুতলেখক হিসেবে পরীক্ষা দিয়েছি। এবারও দেব। এতে আমার পরীক্ষার ভয় কেটে যায়। আর একজন শিক্ষার্থীকে সাহায্য করছি, এটা ভালোই লাগে।’
নুসরাতের মা শাহেদা বেগমও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ওরা (দৃষ্টিপ্রতিবন্ধী) অসহায়। আমার মেয়ে তাদের একজনের পাশে দাঁড়াচ্ছে এতে আমি খুশি। অন্যদেরও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা উচিত।’
প্রতিবছর শ্রুতলেখক-সংকটের কারণে ভুগতে হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের। এ জন্য পরীক্ষার পদ্ধতি বদলানোর পরামর্শ দিয়েছেন শিক্ষকেরা। দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘আমরা স্কুলে ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা নিই। হয় ব্রেইল, নয়তো কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় কি না, তা মন্ত্রণালয়ের ভাবা উচিত।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পরীক্ষা পদ্ধতি বদলের বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শ্রুতলেখকের সাহায্যেই পরীক্ষা নেওয়া হবে।