দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের বিসিএস পরীক্ষা নিয়ে আবার জটিলতা
আবারও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেছেন দৃষ্টিপ্রতিবন্ধী স্বপন চৌকিদার। আদালতের নির্দেশনায় সহায়তায় শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারলেও দুটি পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন তিনি। শ্রুতলেখক পরিবর্তনের কারণে তাঁকে দ্বিতীয় দিনের ওই পরীক্ষার সময় বহিষ্কার করা হয়েছিল।গত বছর হাইকোর্টে রিট করে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান স্বপন চৌকিদার। মাইলফলক এক নির্দেশনায় আদালত সরকারি কর্মকমিশনকে (পিএসসি) স্বপনকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে বলেন। গত বছরের ১৯ ডিসেম্বর শ্রুতলেখকের সহায়তায় লিখিত পরীক্ষা দেওয়া শুরু করেন মেধাবী এ দৃষ্টিপ্রতিবন্ধী। প্রথম দিনের শ্রুতলেখকের অসুবিধা থাকায় দ্বিতীয় দিন অন্য একজনকে নিয়ে পরীক্ষা দেওয়ার সময় কেন্দ্র কর্মকর্তারা তাঁকে বহিষ্কার করেন। স্বপন বলেছেন, পিএসসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তার মৌখিক আশ্বাসের ভিত্তিতেই তিনি অন্য শ্রুতিলেখক নিয়ে গিয়েছিলেন।বিষয়টি নিয়ে ২২ ডিসেম্বর প্রথম আলোয় ‘দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের স্বপ্নভঙ্গ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর পিএসসি তাঁর বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০ ডিসেম্বরের দুটি পরীক্ষার (বহিষ্কৃত হওয়া) বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়। তবে ২৬ ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর স্বপন কয়েকবার যোগাযোগ করলেও কর্তৃপক্ষ তাঁকে কিছু জানাতে পারেনি।স্বপন চৌকিদার গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক দফা পিএসসিতে গিয়ে জানতে চেয়েছি, ২০ ডিসেম্বরের পরীক্ষা দুটোর বিষয়ে কী হবে? কিন্তু পিএসসি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। জানি না আমার কী হবে!’বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা হবে শুধু এই কারণে কেউ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। কারণ, মাত্র একজনের জন্য আলাদা করে দুটি পরীক্ষা নিতে হবে। মানবিকভাবে দেখলে অবশ্যই স্বপনের পরীক্ষা নেওয়া উচিত। এখন আদালত যদি এ ব্যাপারে আবার কোনো নির্দেশনা দেন, তবেই কেবল আমরা সিদ্ধান্ত নিতে পারি।’পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই না, এত দূর এসে কোনো ছেলে চলে যাক। তবে শ্রুতলেখক নিয়ে আমরা আইনের বাইরে যেতে পারি না।’ বাতিল দুই পরীক্ষা নিয়ে কী হবে, জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক শুধু বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’