দৃষ্টিপ্রতিবন্ধীদের উপকরণ উৎপাদন হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রয়োজনীয় সব উপকরণ আগামী বছর থেকে দেশেই উৎপাদন করা হবে।
আজ বুধবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের একই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।
‘নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করব সৃষ্টি’ প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধীদের দোরগোড়ায় ফিজিওথেরাপি সেবা পৌঁছানোর জন্য ভ্রাম্যমাণ থেরাপি গাড়ির ব্যবস্থা করা হচ্ছে।
মহসিন আলী বলেন, আওয়ামী লীগ খাম্বার রাজনীতি করে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, জনগণকে কিছু দিতে চেষ্টা করেছে। নেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করে না।
সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২০১০-১৪ সালের মধ্যে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৮ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি গাজী মো. নুরুল কবীর প্রমুখ।