দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ডিভাইস উদ্ভাবন
দৃষ্টিপ্রতিবন্ধীদের পথচলা সহজ করার জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ডিভাইস উদ্ভাবন করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিবন্ধী দিবস উপলক্ষে বেলা একটার দিকে ডিভাইসটি উদ্বোধন করা হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক ও একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবি কর্মকার সম্প্রতি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য একটি ডিভাইস তৈরির গবেষণা কাজ করেন।
গবেষণা কাজ তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের প্রধান মুহমঞ্চদ জাফর ইকবাল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের ‘ইনোভেশন’ গবেষণাগারে ডিভাইসটির উদ্বোধন করা হয়।
ঘড়ি আকৃতির ডিভাইসটি হাতে রাখলে সামনে কোনো বাধা থাকলে কম্পনের মাধ্যমে এটি দৃষ্টি প্রতিবন্ধীদের বার্তা দেবে। এতে সহজেই বাধাহীন পথ বেছে নিতে পারবেন তাঁরা।
যোগাযোগ করা হলে ডিভাইসটির অন্যতম উদ্ভাবক সৈয়দ রেজওয়ানুল হক বলেন, উদ্ভাবিত ডিভাইসটি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সহজে বহনযোগ্য করে (ঘড়ির মতো করে ) তৈরি করা হয়েছে। কম ওজনের এই ডিভাইসটি স্বল্পমূল্যে উৎপাদন ও বাজারজাত করা যাবে। এতে একবার চার্জ দিয়ে কমপক্ষে এক সপ্তাহ ব্যবহার করা যাবে।