দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নতুন সাদাছড়ি তৈরি করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য খুব শিগগিরই নতুন একধরনের সাদাছড়ি তৈরি করবে সরকার। এ ছড়ির সাহায্যে প্রতিবন্ধীরা ৪০ মিটার পর্যন্ত দূরত্বে যানবাহনের অবস্থান বুঝতে পারবেন। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এ তথ্য জানান। সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার ছিল বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে শোভাযাত্রা, সাদাছড়ি বিতরণ, বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সম্মাননা দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন দৃষ্টিপ্রতিবন্ধীদের উদ্দেশে বলেন, ‘আপনারা হতাশ হবেন না, কোনো রকম মন খারাপ করবেন না। প্রধানমন্ত্রী সর্বদাই আপনাদের খোঁজ নিচ্ছেন, তিনি আপনাদের উন্নয়নে সম্ভব সবকিছুই করতে সদা প্রস্তুত রয়েছেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শুধু সামনে যা আছে, তা-ই দেখতে পাই, কিন্তু আপনারা চোখ বন্ধ করে সামনে-পেছনে এমনকি চারদিকে যা আছে, তা অবলোকন করতে পারেন। বড় বড় মনীষীরাও চোখ বন্ধ করে দিনের পর দিন ধ্যান করতেন।’ প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য...’ গানটি গেয়ে শোনান।