
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সোলায়মান বাদশা। ২০১৪ সালে স্নাতক পরীক্ষা দেওয়ার সময় শ্রুতলেখক পাচ্ছিলেন না তিনি। অনেক বলে-কয়েও কাউকে রাজি করাতে পারেননি। শেষে পরীক্ষার আগের দিন কয়েকজন বন্ধুর সহায়তায় বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী তাঁর শ্রুতলেখক হতে রাজি হন।
বছরের পর বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির চেয়ে শ্রুতলেখক জোগাড় করতেই বেশি হিমশিম খেতেন। এ অবস্থা বদলে দিয়েছে কিছু সাধারণ শিক্ষার্থীর ব্যতিক্রমী এক উদ্যোগ। দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তায় তাঁরা গঠন করেছেন ‘বন্ধু পরিষদ’ নামের একটি সংগঠন।
শুধু শ্রুতলেখক জোগাড় করা নয়, পড়া রেকর্ড (অডিও) করে দেওয়া, জরুরি কাজে ছাত্রাবাস থেকে বের হওয়াসহ দৃষ্টিপ্রতিবন্ধীদের লেখাপড়া ও চলাচলে সহযোগিতা করতে সদা প্রস্তুত বন্ধু পরিষদের ১১০ শিক্ষার্থী। তাঁদের মধ্যে ১০ জন ছাত্রী। নিজেদের লেখাপড়ার পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা করেন তাঁরা। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও এই বন্ধুদের হাত ধরে এখন বাধা ডিঙানোর স্বপ্ন দেখছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা ৭১ জন (ছাত্রী ১৩)। তাঁদের মধ্যে ১১ ছাত্রীসহ দৃষ্টিপ্রতিবন্ধী ৬১ জন।
এ বছরের ৫ এপ্রিল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো বনভোজনের আয়োজন করে বন্ধু পরিষদ। কর্ণফুলী নদীর তীরে মেরিন একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধু পরিষদের শুরুটা ২০০৭ সালে। তখন এর কোনো সাংগঠনিক কাঠামো ছিল না। হাতে গোনা কয়েকজন বন্ধু ছিলেন। যে কারণে সব দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করা তাঁদের পক্ষে সম্ভব হতো না। ২০১০ সাল থেকে বন্ধুর সংখ্যা বাড়তে থাকে। তখন ২০ জন বন্ধু কাজ করতেন। একটি কমিটি থাকলেও তা সেভাবে কাজ করেনি। এ বছরের শুরু থেকে বন্ধু পরিষদ সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। তবে এখনো বন্ধু পরিষদের সদস্যদের ‘টিপ্পনী’ শুনতে হয়।
বন্ধুদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। ডিজঅ্যাবল্ড স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি (ডিসকু) নামে তাদের একটি সংগঠন রয়েছে। এ বছর এর সভাপতি হয়েছেন আইন বিভাগের মাস্টার্সের ছাত্র সোলায়মান বাদশা। তিনি বলেন, ‘বন্ধু পরিষদ হচ্ছে আমাদের প্রাণ। তাঁরা না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না। শ্রুতলেখক জোগাড় করা, পড়া রেকর্ড করে দেওয়াসহ কোথাও যেতে চাইলে তাঁরা এগিয়ে আসেন।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসান। তাঁর পড়া রেকর্ড করে দেন সহপাঠী আলীম হোসেন। সেই পড়া হাসান ব্রেইল পদ্ধতিতে খাতায় লিখে মুখস্থ করেন। আলীম তৃতীয় বর্ষে জিপিএ-৩ পেয়েছেন। কিন্তু হাসান পেয়েছেন জিপিএ-৩ দশমিক ২৪। তৃতীয় বর্ষে সর্বোচ্চ জিপিএ হাসানের। এই ফলে সবচেয়ে বেশি খুশি হয়েছেন আলীম। বন্ধু পরিষদের সভাপতিও তিনি।
আলীম হোসেন বলেন, ‘সব দৃষ্টিপ্রতিবন্ধীকে আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করি। তবে অনেকে আমাকে বলে, তুই কানাদের (অন্ধ) সঙ্গে কী করিস? আমি প্রতিবাদ করি। আমি বলি, এই কাজ আমার ভালো লাগে।’
বন্ধু পরিষদের সদস্য ও দৃষ্টিপ্রতিবন্ধীরা মিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ‘বন্ধু’ হতে আহ্বান জানান। এখন পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করে বন্ধু হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এঁদের বেশির ভাগই এ বছর বন্ধু হয়েছেন। নতুন-পুরোনো সব বন্ধুকে নিয়ে আগামী সোমবার চট্টগ্রাম নগরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে হবে বন্ধু সমাবেশ। সেখানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও থাকবেন।
বিশ্ববিদ্যালয়ে ৬১ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ২৫ জন রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন। সমাজতত্ত্বে ১০, আইন অনুষদে ৬, ইতিহাসে ৫ ও ইসলামের ইতিহাসে পড়ছেন ৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। ঢাকায় ক্রিকেট খেলতে গেলেও বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত তাঁদের সহযাত্রী হয় কোনো না কোনো বন্ধু।
বন্ধু পরিষদের সঙ্গে যুক্ত হলেন কেন? জবাবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী রত্না সরকার বলেন, তাঁদের জন্য কিছু করতে পারলে নিজেরই ভালো লাগে। এ পর্যন্ত চারজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতলেখক হয়েছেন তিনি।
একই প্রশ্নে বন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, ‘আমরা মেরিন একাডেমিতে বেড়াতে গিয়ে দেখলাম জায়গাটা অনেক সুন্দর। কিন্তু তারা (দৃষ্টিপ্রতিবন্ধীরা) সেটা অনুভব করে। আমাদের চোখ দিয়েই যেন তারা জায়গাটা দেখতে পায়। এটা খুব ভালো লাগে।’
বন্ধুদের সহযোগিতা থাকলেও শিক্ষা উপকরণসহ সমস্যা রয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের। ডিসকুর সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘আমাদের এখানে ব্রেইল পদ্ধতির কোনো বই নেই। অডিও রেকর্ডে শুনে আমরা লেখাপড়া করি। গ্রন্থাগারের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হলেও কম্পিউটার রয়েছে মাত্র দুটি। তবু বন্ধুদের সহায়তায় সবার চেষ্টা থাকে ভালো ফল করার।’
প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর থেকে মাসে ১ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০ টাকা করে ভাতা দেয়। এই টাকায় অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া চালানো কষ্টকর বলে জানান ডিসকুর সভাপতি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। বেসরকারি সংস্থা ইপসা স্নাতক পর্যায়ে কয়েকটি বিভাগের জন্য কিছু অডিও বই বের করেছে। ব্রেইল বই তৈরি করা নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় সাধারণ শিক্ষার্থীরাও এখন এগিয়ে আসতে শুরু করেছেন। এটি ইতিবাচক।