দৃষ্টিপ্রতিবন্ধীদের বসবাসের ওপর স্থিতাবস্থা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্ধেরটেক গ্রামে বসবাসরত বাংলাদেশে অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের বসবাসের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।
এর ফলে সেখানে বসবাসরত সমিতির ৪৫টি পরিবার স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী লুত্ফুর রহমান।
অন্ধদের জমি দখল বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে বাংলাদেশে অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শাহাজউদ্দিন ২ মার্চ একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর আজ আদেশ দেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী লুত্ফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
রুলে সমিতির সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তা রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না এবং তাঁদের অবৈধ উচ্ছেদ রোধে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব, ভূমিসচিব, গাজীপুরের জেলা প্রশাসক, যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আইনজীবী লুত্ফুর রহমান প্রথম আলোকে বলেন, ২০০২ সাল থেকে সংশ্লিষ্ট এলাকায় দৃষ্টিপ্রতিবন্ধীরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। তাঁদের বসবাসের বিষয়ে প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ে প্রক্রিয়া চলছে। এ অবস্থায় একটি প্রতিষ্ঠান তাঁদের উচ্ছেদের উদ্যোগ নেয়। এ কারণে রিট আবেদনটি করা হয়। তাঁদের বসবাসের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।