দৃষ্টিভঙ্গি ও আইনে পরিবর্তন আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপু​রের শেখেরটেক এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন ২৯,৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউ​​ন্সিলর পদপ্রার্থী রোজি জয়ীতা। ছবিটি গত সোমবার তোলা। ছবি: প্রথম আলো
রাজধানীর মোহাম্মদপু​রের শেখেরটেক এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন ২৯,৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউ​​ন্সিলর পদপ্রার্থী রোজি জয়ীতা। ছবিটি গত সোমবার তোলা। ছবি: প্রথম আলো

প্রায় এক যুগ আগে হাইকোর্ট বলেছিলেন, সিটি করপোরেশনের সংরক্ষিত আসন থেকে নির্বাচনে অংশ নিলেও নির্বাচনের পর নারী কাউন্সিলরদের সঙ্গে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। তবে হাইকোর্টের সেই নির্দেশনার সুফল তেমন মেলেনি। 
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯এ সাধারণ ও সংরক্ষিত আসনের মধ্যে কোনো ধরনের বৈষম্যের কথা উল্লেখ নেই। সংরক্ষিত নারী আসনের নারী কাউন্সিলররা বহু বাধা পার হয়ে তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত হন। তবে নির্বাচিত হয়ে জনকল্যাণে কিছু কাজ করতে পারলেও উন্নয়নমূলক কাজ সেভাবে করতে পারেন না। এ ক্ষেত্রে আইন নয়, সাধারণ আসনের নির্বাচিত পুরুষ কাউন্সিলররাই প্রধান বাধা হিসেবে দেখা দেন।
সাধারণ আসনের পুরুষ কাউন্সিলররা অলিখিত কিছু নিয়মনীতি জারি করেন। সংরক্ষিত আসনের নারীদের মধ্যে তাঁদের দায়িত্ব কর্তব্য কতটুকু-এসব বিষয়েও সচেতনতার অভাব থাকে। এ ছাড়া সাধারণ আসনে একটি ওয়ার্ড থেকে নির্বাচিত হতে হলেও সংরক্ষিত আসনে তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত হতে হচ্ছে। এ ধরনের পদ্ধতিটিই বৈষম্যমূলক বলে দাবি করছেন অনেকে।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের প্রায় সবাই বৈষম্যের পেছনে এ ধরনের সমস্যাগুলোর কথাই জানালেন।
সংশ্লিষ্টদের অনেকেই সংরক্ষিত আসনেরও অবসান চান। তাঁদের মতে, সংরক্ষিত আসন আছে বলে নারীরা সাধারণ আসনে যেতে চান না। অন্যদিকে সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় বলা হলেও দলের সমর্থন সহযোগিতা ছাড়া নির্বাচন করা যায় না। দল থেকেই সংরক্ষিত আসনে নির্বাচন করার জন্য চাপ দেয় বা উৎসাহিত করে। এবারের নির্বাচনে সাবেক নারী কাউন্সিলরদের কেউ কেউ সাধারণ আসনে নির্বাচনও করছেন।
ঢাকা সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলররা ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৩ বছর পরে আবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। আগের অভিজ্ঞতায় কাউন্সিলররা বলছেন, এবার যাঁরা সংরক্ষিত আসনে নির্বাচিত হবেন, তাঁদের যেন আর বৈষম্যের শিকার হতে না হয়।
আইন যা বলছে: স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯এ বলা আছে, মেয়র ও কাউন্সিলররা করপোরেশনের নির্ধারিত হারে এই প্রতিষ্ঠানের তহবিল থেকে মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন। সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব ও কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত হবে।
সংরক্ষিত আসনে যে বৈষম্য, তা কী আইনের কারণে? এ প্রশ্নের উত্তরে একাধিক কাউন্সিলর বলেন, আইনে কোনো বৈষম্য নেই। তবে বিষয়টি মনমানসিকতার। নারী-পুরুষের বৈষম্যের ব্যাপার।
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসন একটু বেশি আলংকারিক। সিটি করপোরেশন নির্বাচনেও পদটি আলংকারিক। তফাৎ শুধু এই নারীরা নির্বাচিত হয়ে আসছেন। সিটি করপোরেশনে নারীদের জন্য এখন যে পদ্ধতিতে আসন সংরক্ষণ করা হচ্ছে সেই সংরক্ষণ পদ্ধতিটাই বৈষম্যপূর্ণ এবং ত্রুটিপূর্ণ। একজন পুরুষকে যদি একটি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হয়, তবে সংরক্ষিত আসনের নারীকে কেনো তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হবে? এ ধরনের বৈষম্য থাকলে যতই আইন বিধি করা হোক না কেন, তা কোনো কাজে লাগবে না।’
সাবেক কাউন্সিলরের অভিজ্ঞতা: সাবেক কাউন্সিলর রোকেয়া সুলতানা তাঁর অভিজ্ঞতায় বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর প্রথম দিকে অধিকার অর্জনে আন্দোলন করেই সময় পার হয়। শেষের দিকে কিছু কাজ করতে পারি। প্রথম দিকে আমরা নারীরা ভাতা পেতাম না। পরে পুরুষের সমান ভাতা পাই। শেষের দিকে বাৎসরিক উন্নয়ন বাজেটের এক-তৃতীয়াংশ ব্যবহার করতে পারতাম।’
বিএনপি সমর্থক রোকেয়া সুলতানা ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করার সময় গৃহিণী ছিলেন। বর্তমানে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, নারীদের মধ্যে যাঁরা প্রথমবার এ দায়িত্বে আসেন, তাঁদের এ বিষয়টি বুঝতে বুঝতেই অনেক সময় লেগে যায়।
রোকেয়া বলেন, নামেই সংরক্ষিত আসন। এ আসনে নির্বাচন করেই নারীদের জয়ী হতে হচ্ছে। অথচ সংরক্ষিত ও সাধারণ আসনের মধ্যে বৈষম্য করা হয়। নারীরা বেশি পরিশ্রম করেও স্বীকৃতি ও মূল্যায়ন পান না। পুরুষ কাউন্সিলর অবজ্ঞা করেন।
১৯৯৫ সাল থেকে ২০০২, আবার ২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত দুই মেয়াদে সংরক্ষিত আসনে ১৮ বছর দায়িত্ব পালন করেছেন মাহমুদা বেগম। তবে এবার আর সংরক্ষিত নয়, এবার তিনি সাধারণ আসনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
মাহমুদা বেগম বলেন, আগে ছিল সংরক্ষিত আসনে নারীর সঙ্গে নারীর সংগ্রাম। আর এবার নির্বাচনে জিততে বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ মোট আটজন পুরুষ প্রার্থীর সঙ্গে সংগ্রাম করতে হবে।
মাহমুদা বেগম বলেন, ‘একটা সময় পর্যন্ত সংরক্ষিত আসনের প্রয়োজন ছিল। এখন আর প্রয়োজন নেই বলেই আমার মনে হয়। সংরক্ষিত আসন নারীর ক্ষমতায়নের চেয়ে সমস্যাই বেশি করে। এখন নারীরা সাধারণ আসনে নির্বাচন করতে চাইলে দল থেকে প্রথমেই বলা হয় নারীদের সাধারণ আসনে নির্বাচন করার কী দরকার। এই সিস্টেমটাই না থাকলে তখন আর এ ধরনের কথা বলতে পারবে না।’
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত বা সাধারণ আসনের নারী বা পুরুষ যিনিই হোন না কেন, তাঁরা আসলে নিজেরাই জানেন না আইনে তাঁদের দায়িত্ব কতটুকু। কাউন্সিলরদের মূল কাজ সম্পর্কে আইনেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। কাউন্সিলর হওয়ার পর নারীরা তাঁর এলাকার জন্য ১০টি সেলাই মেশিন চান, বাজেটের কিছু অংশ চান। কিন্তু সিটি করপোরেশনের পুরো বাজেট পরিকল্পনা ও সে অনুযায়ী বাজেট বরাদ্দ হচ্ছে কি না, তা দেখার কথা কাউন্সিলরদের। তাই আইন পরিবর্তনের পাশাপাশি নিজেদের দায়-দায়িত্ব নিয়ে যে ভাবনা, এতেও পরিবর্তন ঘটাতে হবে। কাউন্সিলরদের সচেতনতা বাড়াতে হবে। পুরো সিটি করপোরেশন ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। সমাজে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যেরও অবসান ঘটাতে হবে।
বৈষম্য নিরসনে আছে হাইকোর্টের নির্দেশ: সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কমিশনারদের কর্তৃত্ব, ক্ষমতা এবং কর্তব্য সাধারণ আসনে নির্বাচিত কমিশনারদের সমান হবে বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ২০০৪ সালের ১৬ আগস্ট হাইকোর্ট বলেছিলেন, সংরক্ষিত আসন থেকে নির্বাচনে অংশ নিলেও নির্বাচনের পর তাদের সঙ্গে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। সংবিধানের বিধানের সঙ্গে অসংগতিপূর্ণ বৈষম্যমূলক কোনো নির্দেশনা সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিতে পারে না।
খুলনা সিটি করপোরেশনের সাধারণ আসন এবং সংরক্ষিত আসনের কমিশনারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রে বৈষম্যমূলক অংশ চ্যালেঞ্জ করে ১০ নারী কমিশনারের এক রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া এক রায়ে হাইকোর্ট এ কথা বলেছিলেন।
আদালত তাঁর রায়ে পরিস্থিতি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যখন সংরক্ষিত কোটায় ছাত্র ভর্তি করা হয়, তখন তাকে আলাদা সনদ দেওয়া হয় না। ভর্তির পর সাধারণ ও কোটার মাধ্যমে ভর্তি হওয়া ছাত্রকে সমানভাবে দেখা হয়। আদালত বলেন, নির্বাচন হয়ে যাওয়ার পর কমিশনারদের মধ্যে কোনো বিভাজন করা যাবে না।