দৃষ্টির বাইরে সমতলের আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আদিবাসী দিবস আজ
বিশ্ব আদিবাসী দিবস আজ

একমুঠো চালভাজা, সঙ্গে লবণ মেশানো এক মগ চা। এ দিয়েই দিন পার। সারা দিন মজুরি খেটে সন্ধ্যাবেলা চারু টুডু (৬০) যখন ঘরে ফেরেন, তখন রাজ্যের ক্ষুধা গ্রাস করে। মেলে প্রত্যাশিত এক থালা ভাত। বছরের ছয়টি মাস এভাবেই চলে। বাকি ছয় মাস অবশ্য দুই বেলা ভাতের বন্দোবস্ত হয়। কেবল চারু টুডু নয়, দিনযাপনের এই চিত্র শান্তিপাড়া গ্রামের ২৬টি পরিবারের প্রায় সবার। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই গ্রামের সবাই আদিবাসী কোল সম্প্রদায়।
এ গ্রামটিতে কোল সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে পাঁচ বছর আগে। এর আগে তারা পার্শ্ববর্তী বাবুডাইং গ্রামে বাঙালিদের জমিতে কাজ করার সুবাদে সেখানে থাকত। সেখান থেকে তুলে দেওয়া হলে শান্তিপাড়ায় খাসজমিতে বসতি গড়ে। চারু টুডু বলছিলেন, ‘গাঁয়ের নাম শান্তিপাড়া থুয়্যাছি, কিন্তু শান্তিতে নাই কেহুই। কারণ, এখান থেকে কখন যে আবার কহিবে যে উঠো, তো তখন আবার লতুন জাগা খুঁজতে হোইবে।’
সমতলের আদিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে খুবই ছোট কোল সম্প্রদায়। কিন্তু তাদের একটু প্রশান্তির সহযোগিতা দিতে সরকার বা বেসরকারি সংগঠনের কেউই এখন পর্যন্ত এগিয়ে আসেনি। পৌঁছেনি সরকারের কোনো ত্রাণসহায়তা।
সমতলের আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ নামে একটি সহায়তা তহবিল রয়েছে। গত বছর গোদাগাড়ীর ৪০ হাজার আদিবাসী মানুষের জন্য সেই খাত থেকে বরাদ্দ ছিল নয় লাখ টাকা, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন। অর্থাৎ চারু টুডুদের মাথাপিছু বরাদ্দ ছিল সাড়ে ২২ টাকা। কিন্তু সেই মহার্ঘের সন্ধান পাননি শান্তিপাড়া গ্রামের কেউই। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এত নগণ্য বরাদ্দ। কতজনকে দেওয়া যায়?’
বাংলাদেশ আদিবাসী ফোরামের হিসাব অনুযায়ী, দেশে আদিবাসীদের সংখ্যা প্রায় ২৯ লাখ। এর দুই-তৃতীয়াংশই সমতলের, সংখ্যা ২০ লাখের মতো। সমতলের এসব আদিবাসীর জীবনমান উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ সরকারি বা দাতা সংস্থার কারোই নেই।
২০১৩ সালে সমতলের ২০ লাখ মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় বরাদ্দ ছিল ১৬ কোটি টাকা। অর্থাৎ মাথাপিছু বরাদ্দ ৮০ টাকা। সমতলের আদিবাসী নেতারা, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এমনকি সরকারের এক মন্ত্রীও এই বরাদ্দকে ‘আদিবাসীদের প্রতি রাষ্ট্রের পরিহাস’ ও ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।
দারিদ্র্য নিরসন এবং সামাজিক নানা সূচকে গত দুই দশকে বাংলাদেশ ক্রমাগত উন্নতি করেছে। কিন্তু এর সুফল পৌঁছেনি সমতলের আদিবাসীদের কাছে। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের মতে, এসব আদিবাসী ‘দৃষ্টির বাইরের দরিদ্র’ বা ‘মিসিং পুওর’।
‘জাতিগত সংখ্যালঘু’ হিসেবে উল্লেখ করে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আদিবাসীদের সম্পর্কে বলা হয়েছে, এদের ২০ লাখদের মধ্যে সবচেয়ে ‘চরম দরিদ্র’ মানুষ রয়েছে। সমতলের আদিবাসীদের সেই দারিদ্র্যের রূপ কেমন? ২০০৯ সালে সমতলের আদিবাসীদের ভূমি হারানো ও বিচ্ছিন্নতা বিষয়ে ‘লাইফ অ্যান্ড ল্যান্ড অব আদিবাসিস’ শীর্ষক অধ্যাপক আবুল বারকাতের নেতৃত্বে করা এক গবেষণায় বলা হয়, সমতলের আদিবাসীদের ৬০ শতাংশ চরম দরিদ্র। একই সময় দেশের গ্রামীণ চরম দরিদ্র মানুষের সংখ্যা ছিল ৩৯ দশমিক ৫ শতাংশ। উত্তরাঞ্চল, বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ১৩টি আদিবাসী জাতিগোষ্ঠীর ওপর পরিচালিত হয় ওই গবেষণা।
সমতলের আদিবাসীদের উন্নয়নে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উন্নয়ন-সহায়তা দেওয়া হয়েছে ৭০ কোটি টাকা। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এই বরাদ্দকে ‘সমতলের আদিবাসীদের প্রতি রাষ্ট্রের চরম পরিহাস ও উপেক্ষার নিদর্শন’ বলে অভিহিত করেছেন।
তবে এর বিপরীতে গত পাঁচ বছরে কেবল পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে সরকারের বার্ষিক বরাদ্দ ছিল দুই হাজার ৬৯ কোটি টাকা। পার্বত্য চট্টগ্রামের অর্ধেকের বেশি মানুষ বাঙালি। সে হিসাবে অর্ধেক অর্থাৎ প্রায় নয় লাখ পাহাড়ি আদিবাসীদের জন্য বরাদ্দ ছিল এক হাজার ৩৫ কোটি টাকা।
গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির (পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, সমতলের আদিবাসীরা অবস্থানগত দিক থেকে যেমন প্রান্তিক, আবার আলোচনার দিক থেকেও প্রান্তিক। তাঁদের সম্পর্কে সরকার ও দাতাদের জানার ঘাটতি আছে। আদিবাসীদের উন্নয়ন আলোচনায় সমতলের আদিবাসীদের চেয়ে পাহাড়ের আদিবাসীদের প্রাধান্য পাওয়ার এটি একটি কারণ।
২০০৩ সাল থেকে এই অঞ্চলে চলা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তত্ত্বাবধানে বিভিন্ন দাতা সংস্থার ‘চিটাগাং হিল ট্র্যাকস ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি’ (সিএইচটিডিএফ) নামে বিশেষ কর্মসূচিতে এক হাজার ২০০ কোটি টাকার বেশি বরাদ্দ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউএনডিপির উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানান, ইতিমধ্যে এই কর্মসূচির এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। তিনি এও বলেন, কেবল আদিবাসীদের জন্য এই কর্মসূচি বাস্তবায়িত হয়নি। পার্বত্য চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ইউএনডিপির এই কর্মসূচিতে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ প্রশমনসহ ১০টি বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর সুফল কি আদিবাসীদের কাছে পৌঁছায়নি—এ প্রশ্নের জবাবে ইউএনডিপির ওই কর্মকর্তা বলেন, ‘তা অস্বীকার করা যায় না।’
পার্বত্য চুক্তির পর একটি বিশেষ পরিস্থিতিতে পাহাড়ে সরকারি-বেসরকারি স্তরে সহায়তাকে প্রয়োজনীয় বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর সে সহায়তা যে খুব বেশি, তা মনে করেন না আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সাবেক সভাপিত ও বর্তমানের বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।
রাশেদ খান মেননের মতে, সমতলের আদিবাসীদের উন্নয়নে সরকারের বরাদ্দ একেবারে অন্যায্য। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই সামান্য অর্থও সবার কাছে পৌঁছায় না।’ তিনি সমতলের আদিবাসীদের সংখ্যা অনুপাতে ব্যয় বরাদ্দ এবং একটি পৃথক ভূমি কমিশন গঠনের জন্য সরকারের কাছে প্রস্তাব করেছেন। প্রস্তাব দুটি এখনো কেবল আলোচনার পর্যায়ে আছে।
{প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) আনোয়ার হোসেন}