দৃষ্টির বাধা জয় করেছেন নাসরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসরিন জাহান। দৃষ্টিপ্রতিবন্ধী এই নারী গড়ে তুলেছেন প্রতিবন্ধী শিশুবিষয়ক ফাউন্ডেশন (ডিসিএফ)। ছবি: নাজিয়া হোসেন
নাসরিন জাহান। দৃষ্টিপ্রতিবন্ধী এই নারী গড়ে তুলেছেন প্রতিবন্ধী শিশুবিষয়ক ফাউন্ডেশন (ডিসিএফ)। ছবি: নাজিয়া হোসেন

নাসরিন জাহান দৃষ্টিপ্রতিবন্ধী নারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। নিজে দৃষ্টিপ্রতিবন্ধী। তাই দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়িয়েছেন নাসরিন। গড়ে তুলেছেন প্রতিবন্ধী শিশুবিষয়ক ফাউন্ডেশন (ডিসিএফ)।

২০০৫ সাল থেকে ডিসিএফ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাসরিন জাহান নিজেই। ডিসিএফে ২০ জন কর্মী। তাঁদের মধ্যে আটজন প্রতিবন্ধী—তিনজন মেয়ে ও পাঁচজন ছেলে। তাঁদের কম্পিউটারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ডিসিএফে বিভিন্ন দাতা সংস্থার অনুদান রয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে ডিসিএফ। এখানে প্রিন্টিং প্রেসও রয়েছে। সেখান থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই ছাপানো হয়।

ডিসিএফের লক্ষ্য প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান। পোশাকশিল্পেও প্রতিবন্ধী নারীদের যুক্ত করতে চায় ডিসিএফ। একীভূত শিক্ষা কার্যক্রম এবং ঝরে পড়া শিশুদের শিক্ষায় সম্পৃক্ত করতে চায়।

নাসরিন জাহান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তাঁর মনে হয়েছিল, প্রতিবন্ধী মানুষ হিসেবে কমিউনিটির জন্য কিছু করবেন। তিনি কয়েকজন প্রতিবন্ধী ভাইবোন ও বন্ধুবান্ধব নিয়ে ২০০৫ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর প্রতিষ্ঠানে অন্যরাও রয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত হলেও ২০০৭ সালে তিনি চাকরি ছেড়ে দেন। ২০০৯ সালে সক্রিয়ভাবে ডিএসএফে কাজ শুরু করেন।

নাসরিন জাহান বলেন, তিনি প্রথমে ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল ও পরে হেলেন কেলার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। ২০০৯ সাল থেকে তাঁরা বিভিন্ন প্রকল্পে কাজ শুরু করেন। ডিসিএফ ঢাকা, লালমনিরহাট, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও রাজশাহীতে প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

সংস্থার প্রাথমিক লক্ষ্য শিক্ষা ও কর্মসংস্থান বলে জানান নাসরিন জাহান। তিনি বলেন, ‘আমি মনে করি, প্রতিবন্ধীরা যদি যথার্থ শিক্ষা পায়, তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যারা শিক্ষার সুযোগ পায় না, তাদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের বন্দোবস্ত করেছি। শিক্ষা ও কর্মসংস্থান এই দুটোকেই প্রধান ক্ষেত্র হিসেবে সাংগঠনিক নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত করে কাজ করছি।’

সরকার প্রতিবন্ধীদের নিয়ে অনেক বেশি সচেতন বলে মনে করেন নাসরিন। তিনি মনে করেন, যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি সফলতা অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করে। পরিবার, সরকার, সমাজ ও রাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়ে দিলে প্রতিবন্ধীরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। নাসরিন দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মূল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

(লেখক: দৃষ্টিপ্রতিবন্ধী সাংবাদিক)