দৃষ্টির বিতর্ক উৎসব শুরু:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন আঙ্গিকের বিতর্ক। শিক্ষকের সঙ্গে ছাত্রের লড়াই। বিষয়টাও অন্যরকম—‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’।
শিক্ষকদের দাবি, তাঁদের সময় শ্রেষ্ঠ। ছাত্ররা যুক্তি দেন, আমরাও এগিয়ে মননে-প্রযুক্তিতে। ঐতিহ্য আর আধুনিকতার তুমুল তর্ক। দুই প্রজন্মের যুক্তিতর্কে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন। অতিথিরাও গেয়েছেন যুক্তির জয়গান।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক সংগঠন দৃষ্টি আয়োজিত দুই দিনের বিতর্ক উৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। বেলা তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।
শুরুটা ছিল অন্যরকম। জাতীয় সংগীতের সঙ্গে প্রজেক্টরে মুক্তিযুদ্ধে দামাল ছেলেদের কীর্তি, স্বাধীন বাংলাদেশের সাফল্যগাথা। এরপর ‘আমি বাংলার গান গাই’ গানের সঙ্গে পর্দায় ভেসে ওঠে সূর্য সেন আর প্রীতিলতার বাংলায় সাফল্যের শেষ বিন্দু নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছবি। এ ছাড়া দেখানো হয় দৃষ্টি চট্টগ্রামের ২১ বছরের পথচলা। এরপর খুদে শিল্পীদের মনোমুগ্ধকর নাচ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, সিটি হোমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম ও ব্যাংকার রাশেদুল আমিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কশাসফুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
কবি আসাদ চৌধুরী বলেন, ‘তর্ক মানুষকে সচেতন করে। বিতর্ক সত্যের মুখোমুখি দাঁড় করায়। তার্কিকেরা পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে। এর থেকে সমাজের মানুষ শিখতে পারে। বুঝতে পারে ভালোমন্দ।’ সোমনাথ ঘোষ বলেন, ‘অন্ধবিশ্বাস আর যুক্তিহীনতার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। দেশ ও দশের মুক্তি যুক্তিতেই। আজ পশ্চিমা বিশ্বের যে উন্নতি, তার মূলেও যুক্তি।’ আলোচনা শেষে একের পর এক চলে বিতর্ক প্রতিযোগিতা। ‘মনেরও বাগানে ফুটিল ফুল রে’ বিষয়ের রম্য বিতর্কে উঠে আসে হিজড়া সম্প্রদায়ের করুণ কাহিনি। উৎসবের শেষ দিন আজ শুক্রবার রয়েছে বারোয়ারি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা।