দৃষ্টিশক্তি ফিরে পেলেন না হবিগঞ্জের ২০ রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দৃষ্টিশক্তি ফিরে পাননি হবিগঞ্জ থেকে আসা ২০ জন রোগী। গত মাসের ১০ জুন হবিগঞ্জের জাসপাস মডার্ন আই হসপিটালে এঁদের ছানি কাটা হয়েছিল। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন ২০ জনের কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি। চোখের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ১৫ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে মহিলা ওয়ার্ডে এখনো পাঁচজন চিকিৎসাধীন আছেন। তাঁদের চোখে এখনো সংক্রমণ রয়ে গেছে। যে ১৫ জনকে বাড়ি পাঠানো হয়েছে তাঁরা হলেন: জাহের আলী (৬০), আতাবুর রহমান (৭০), লেচু মিয়া (৯৪), এরশাদউল্লাহ (৫০), মাসতুরা ঠাকুর (৬০), মনিন্দ্র দাস (৭০), শ্রীচরণ (৬০), মির্জ্জা রউফ (৭০), আলাউদ্দিন (৭০), মোফাজ্জল (৫৩), সুধন্য সরকার (৭০), শুকুরচান (৭০), মজুমদার বিবি (৪০), রাবেয়া বেগম (৬০) ও বানেসা বেগম (৫৫)। চিকিৎসাধীন পাঁচজন হলেন: মরম বিবি (৫৪), পরচান বিবি (৮০), জাহেরা খাতুন (৬০), আলেকচান (৫০) ও মুল্লুক বেগম (৭৬)।গতকাল বুধবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন পাঁচ নারীর সঙ্গে কথা হয়। এঁরা হলেন পরচান বিবি, আলেকচান, জাহেরা খাতুন, মরম বিবি ও মুল্লুক বেগম। এঁদের কারও কারও চোখের কোণে গতকালও রক্ত জমে ছিল। পরচান বিবি প্রথম আলোকে বলেন, ‘চোখের বিষ-বেদনা কমায় অনেকেই গ্যাছে গই। আমরা আছি। চোখ তো আর ফিরত না। আমরাও আর থাকতাম না।’ এঁদের কেউই আর কখনো হবিগঞ্জে চোখের চিকিৎসা করাবেন না বলে এ প্রতিবেদককে জানান। প্রসঙ্গত, ভিশন বাংলাদেশ নামের একটি প্রকল্পের আওতায় ব্র্যাক ও সাইটসেভার্স বৃহত্তর সিলেটের স্থানীয় হাসপাতালগুলোয় ছানি কাটার কর্মসূচি পরিচালনা করে আসছিল। এই প্রকল্পের আওতায় জাসপাস মডার্ন আই ক্লিনিকে বিনা মূল্যে ছানি কাটা হয় ১০ জুন। বেসরকারি উদ্যোগে কর্মসূচিটি পরিচালিত হলেও এতে সহযোগিতা দিচ্ছে সরকারের ন্যাশনাল আই কেয়ার কর্মসূচি। ঘটনার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক শামসুল হকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটিতে ব্র্যাক ও সাইটসেভার্সের প্রতিনিধিরাও রয়েছেন। কিন্তু গতকাল পর্যন্ত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যায়নি। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও ন্যাশনাল আই কেয়ার কর্মসূচির লাইন ডিরেক্টর দ্বীন মো. নুরুল হক প্রথম আলোকে বলেছেন, ‘দু-এক দিনের মধ্যেই প্রতিবেদনটি আমার হাতে আসার কথা। কমিটির সুপারিশ অনুযায়ী আমরা আবার কর্মসূচি চালু করব। এ ঘটনার পর থেকে সারা দেশে বিনা মূল্যে ছানি কাটা কর্মসূচিতে যেন কোনো সংক্রমণের ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারি আমরা জোরদার করেছি।’ দৃষ্টিশক্তি হারানো রোগীর স্বজনেরা প্রথম আলোকে বলেন, ছানি কাটায় উদ্বুদ্ধ করতে গত ৯ জুন বানিয়াচংয়ে দিনভর মাইকে প্রচারণা চালানো হয়। ১০ জুন মাইক্রোবাসে করে তাঁদের হবিগঞ্জে নিয়ে যাওয়া হয়। ওই দিন সন্ধ্যায় ৫২ জনের চোখে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই ২০ জন রোগীর চোখে সংক্রমণ দেখা দেয়, কিছু দেখতে না পাওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়। ব্র্যাক ও সাইটসেভার্সের যৌথ উদ্যোগে হবিগঞ্জে বিনা মূল্যে ছানি কাটার যে কর্মসূচি চলছিল, তা আপাতত স্থগিত আছে বলে জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন শফিকুর রহমান। জাসপাস মডার্ন আই হসপিটালেও আর কোনো অস্ত্রোপচার চলছে না বলে জানা গেছে।