দৃষ্টিহীন বলেই অন্ধ নয়

সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার মূল মঞ্চে গান হচ্ছিল, ‘সোনার বান্দাইল নাও, পিতলের ঘোড়ারে...।’ লোকগানের সুরের মুগ্ধতা নিয়ে বের হতে গিয়ে ডানে তাকিয়ে মনটা ভরে গেল। স্টলের নাম স্পর্শ, নম্বর ৮৩ ও ৭৪। দৃষ্টিহীন তরুণ জয়, তরুণী মিতু, রিতা ব্রেইল বই পড়ছেন স্টলটিতে বসে। উৎসুক কয়েকজন দর্শনার্থী ব্রেইল বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন। আবার কেউ কেউ অনুরোধ করছেন এই বই-সেই বই থেকে খানিক পড়ে শোনাতে। দৃষ্টিপ্রতিবন্ধীরা পড়েও শোনাচ্ছেন, বিরক্তি নেই এতটুকু।
আগ্রহীদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন স্টলে দায়িত্বে থাকা রবিউল ইসলাম। তিনি জানালেন, প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আসেন। স্টলে বসেন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বই পড়েন। মেলার বইগুলো বিক্রি করা হচ্ছে না। ২৩ ফেব্রুয়ারি বিনা মূল্যে বিতরণ করা হবে। এখন নাম নিবন্ধন চলছে। নাম নিবন্ধন করে আগ্রহী লোকজন সেদিন বই নিতে পারবেন।
‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়/ মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’ স্লোগান নিয়ে ২০০৮ সাল থেকে স্পর্শের পদচারণ শুরু। ২০০৯ সালে তারা বাংলা ভাষায় প্রথম ব্রেইল ছড়ার বই ছড়ার তালে মনটা দোলে প্রকাশ করে। ২০১১ সাল থেকে নিয়মিত অমর একুশে গ্রন্থমেলায় অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রতিষ্ঠাতা প্রকাশক ও লেখিকা নাজিয়া জাবীন জানালেন, বিভিন্ন লেখকের প্রায় ৬১টি বই বের করেছেন তাঁরা। বইগুলো মেলায় বিক্রি হয় না। তবে দৃষ্টিপ্রতিবন্ধীরা স্টলে বসে পড়তে পারেন। দৃষ্টিপ্রতিবন্ধীদেরও মূলধারার সাহিত্যর প্রতি আগ্রহ আছে। তাঁরা চান প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিবছর অন্তত একটি করে ব্রেইল বই প্রকাশ করুক।
এবারের মেলায় স্পর্শ ব্রেইল প্রকাশনা ১৪টি নতুন বই এনেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য। লেখকদের মধ্যে আছেন মালেকা বেগম, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, লুৎফর রহমান রিটন, মোহিত কামাল প্রমুখ। গতকাল গ্রন্থমেলার দ্বাদশ দিনে বিকেলে মূল মঞ্চে ছিল ‘শিক্ষা সংস্কৃতি সমাজ ও রাষ্ট্র’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মোমেন। আলোচনায় অংশ নেন রাশেদা কে চৌধূরী, আতিউর রহমান এবং এ এম মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুর আহমেদ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গোলাম কুদ্দুছের পরিচালনায় গানের দল বহ্নিশিখা এবং শায়লা নাসরিনের পরিচালনায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা।