
তৃষা রানী বিশ্বাস ও আলপিনা আক্তার গরিব ঘরের মেয়ে। একজনের বাবা কাঠমিস্ত্রি, অন্যজনের বাবা রিকশাচালক। অভাবের সংসার। তবে দমেনি এই দুই মেধাবী ছাত্রী। তারা এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দৃঢ় ইচ্ছাশক্তি ও নিরলস প্রচেষ্টাই ওদের এ সাফল্যের চাবিকাঠি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী তৃষার বাড়ি উপজেলার বণিকপাড়া গ্রামে। বাবা সেন্টু চন্দ্র বিশ্বাস কাঠমিস্ত্রি। বাবাকে এ কাজে সহযোগিতা দিত তৃষা। মা ঢলি রানী বিশ্বাস গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে তৃষা বড়। আড়াই শতক বাড়ির ভাঙাচোরা একটি টিনের ঘরে তাদের বসবাস। প্রাইভেট পড়তে পারেনি কোনো দিন। প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার পর তৃষার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। কিন্তু ২০১০ সালের ওই পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ২০১৩ সালে জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। এরপর বাবার কাঠমিস্ত্রির কাজে সহায়তার পাশাপাশি সে শুরু করে শিশু শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো। এরপর নিরলসভাবে নিজের পড়া তৈরি করা।
তৃষা প্রথম আলোকে বলে, এখন সে ভালো কোনো কলেজে ভর্তি হতে চায়। তার বাবা সেন্টু চন্দ্র বলেন, ‘মেয়ে হয়েও সে আমার কাজে অনেক সহায়তা করেছে।’ মা ঢলি রানী বিশ্বাস বলেন, ‘মা আমার কত দিন উপোস করে ইশকুলে গেছে। ছোট্ট বাচ্চাদের পড়াইয়া নিজের বই-খাতা কিনছে। সংসারেও ট্যাহা দিছে। বড় অইয়া সে ডাক্তার অওয়ার স্বপ্ন দেহে।’

‘আমি রিকশাওয়ালার মেয়ে। কোনো কোনো দিন ঘরে খাবার থাকত না। এরপরও আব্বাকে বলতাম কেরোসিন তেল কিনে আনতে। অল্প কেরোসিনে বেশি সময় ধরে জ্বলার জন্য কুপি বাতির আলো কমিয়ে রাখতাম। এভাবে রাত জেগে পড়তাম।’ কথাগুলো আলপিনা আক্তারের। ময়মনসিংহ সদর উপজেলার গোপাল নগর গ্রামের বাসিন্দা আলপিনা এ বছর ঘাগড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আলপিনার বাবা আবদুস সালাম রিকশাচালক। মা লাইলী বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক আয়ার কাজ করতেন।
আলপিনা বলে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়ায় বিদ্যালয়ে বেতন দিতে হয়নি। বিদ্যালয়ের সব শ্রেণিতে সে প্রথম স্থান অধিকার করেছিল। এসএসসি ফরম পূরণের টাকা জুগিয়েছিল বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। টাকার অভাবে কোনো কোচিং সেন্টারে যেতে পারেনি। তবে অদম্য ইচ্ছার বলে সে ভালো ফলাফল করেছে। উচ্চমাধ্যমিকেও সে ভালো ফল করতে চায়।