দৃঢ় মনোবল নিয়ে বসবাস করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার সময় সাহস বজায় রাখতে এবং দৃঢ় মনোবল নিয়ে বসবাস করতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সময়ে একশ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী সংখ্যালঘু লোকদের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় বলে আপনাদের দৃঢ় মনোবল নিয়ে বসবাস করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সম্মিলিতভাবে দেশ স্বাধীন করেছি এবং আমাদের তাই একসঙ্গে দেশ গড়তে হবে।’জন্মাষ্টমী উদ্যাপন কমিটি, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি ও হিন্দুধর্মীয় নেতারা গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাঁদের উদ্দেশে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় একটি ঐকমত্যে পৌঁছানোর জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার অর্পিত সম্পত্তি মূল মালিক বা তাঁদের উত্তরাধিকারের কাছে ফেরত দিতে অঙ্গীকারবদ্ধ।বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত, সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ এবং ঢাকা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এ সময় উপস্থিত ছিলেন।ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ অমেয়ানন্দ মহরা, বাঁশখালী ঋষিধামের মোহান্ত সুদর্শন নন্দপুরী, ইসকন বাংলাদেশ শাখার প্রধান শ্রীপদ চারু চন্দ্র দাস ব্রহ্মচর্য এবং সীতাকুণ্ড শঙ্কর মঠের মহারাজ শ্রীমথ তপানন্দ গিরি সেখানে উপস্থিত ছিলেন।পরিষদ নেতারা দেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সৃষ্ট বাধা অপসারিত হবে।প্রধানমন্ত্রী বলেন, হিন্দু মন্দির, মসজিদ, প্যাগোডা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হামলাকারী ও ধর্মান্ধরা অনুরূপ। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী নয়। বাসস।