দৃঢ়তা থাকলে শারীরিক বাধা উতরানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর গতকাল শনিবার নগরের মুসলিম ইনস্টিটিউটে এসব কর্মসূচির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’।
আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রতিবন্ধী শিশুদের অভিভাবকেরা একসময় নিজেদের দুর্ভাগা মনে করতেন। এখন এ ধারণার পরিবর্তন হয়েছে। শত বাধা-প্রতিকূলতার মধ্যেও প্রতিবন্ধীরা স্বাবলম্বী হচ্ছে। আন্তরিকতা, একাগ্রতা ও মানসিক দৃঢ়তা থাকলে শারীরিক বাধা উতরানো সম্ভব।
মেয়র বলেন, পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে চলছে। সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই আপন স্বজন। আমাদেরই তাদের পাশে থাকতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ওয়াসিকা আয়শা খান বলেন, প্রতিবন্ধী শিশুরা গাইতে পারে, পড়তে পারে, দাবা খেলতে পারে। তারা সুযোগ পেলে অনেক ভালো কিছু করতে পারে। তিনি বলেন, ‘প্রতিবন্ধী হচ্ছে তারাই, যাদের হৃদয়ে দেশপ্রেম নেই, যারা সততায় বিশ্বাস করে না, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, শিক্ষাবিদ রীতা দত্ত, চিকিৎসক বাসনা মুহুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য এস এম মোরশেদ হোসেন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশ, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে প্রতিবন্ধীদের সাদাছড়ি, হুইলচেয়ার, ভাতার বই বিতরণ করা হয়। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। সভার আগে নগরের ডিসি হিল থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে মুসলিম ইনস্টিটিউটে এসে শেষ হয় এই শোভাযাত্রা।