দে হ্যাভ লস্ট: সৈয়দ আশরাফ
দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি মস্ত বড় রাজনৈতিক ভুল করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, এ ক্ষতি তারা সহজে পূরণ করতে পারবে না। বিএনপির কোনো কারণ ছিল না নির্বাচন বর্জন করার। এই বর্জনের কারণে ‘দে হ্যাভ লস্ট’ (তারা হেরে গেছে)। এটাকে পূরণ করতে তাদের অনেক সময় লাগবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আজ রোববার নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের সরকারি জোটের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে এসে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, এবার সংসদ নির্বাচন বর্জন বিএনপির বড় রাজনৈতিক ভুল। বিএনপির নেতৃত্ব ও ভোটাররা তাদের এ সিদ্ধান্ত গ্রহণ করেননি। নির্বাচন বর্জন করা তাদের কোনো মতেই উচিত হয়নি। জিয়াউর রহমান, এরশাদ, আইয়ুব খান ও ইয়াহিয়া খানের সামরিক শাসনেও আওয়ামী লীগ নির্বাচন করেছে। বর্জন করে বিএনপির ক্ষতি হয়ে গেছে। এ ক্ষতি পূরণ করতে সময় লাগবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনে যাওয়া বা নির্বাচন হওয়া কাজ নয়; বঙ্গবন্ধু বলতেন, নির্বাচনকে লক্ষ্য করে দলের আদর্শ মানুষের কাছে তুলে ধরাই নির্বাচনের প্রথম কাজ। অতীতে এটাই আওয়ামী লীগ করেছে। বুনিয়াদি গণতন্ত্রের নির্বাচনই হোক বা পাকিস্তানের সামরিক শাসন হোক—১৯৬২, ১৯৬৬, ১৯৭৯ ও ১৯৮৬ সালের নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ এ পর্যন্ত দুবার নির্বাচন বর্জন করেছে।
সাংবাদিকেরা জানতে চান বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে কি সেই অভাব পূরণ করতে পারছে? এর উত্তরে সৈয়দ আশরাফ বলেন, ‘দুধে স্বাদ আর কী আর ঘোলে মেটে। এ নির্বাচনের মাধ্যমে তৃণমূলে আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থনের প্রমাণ মিলেছে। আমরা অত্যন্ত আশান্বিত। আমাদের যে জনমত আছে, তা আবারও প্রমাণ হয়েছে। আমরা অত্যন্ত খুশি। এ সরকার সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে, অবাধ নির্বাচন হচ্ছে। সেটাই সরকারের সবচেয়ে বড় অর্জন।’