দেইখ্যা লন এক দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেইখ্যা লন এক দাম, বাইছ্যা লন এক দাম, আগে লন এক দাম, পরে লন এক দাম’—গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ফুটপাতে অবিরাম এই হাঁকডাক। ফুটপাতে দাঁড়িয়ে থাকা দূরের কথা, হাঁটারও উপায় নেই। তবু দলবেঁধে মানুষ আসছে, যাচ্ছে। যেটুকু সময় দাঁড়িয়ে থাকা যায় তা কাজে লাগিয়ে নিজের পছন্দের পোশাকটি কিনছে মানুষ। মূলত শ্রমজীবী অর্থাৎ নিম্ন আয়ের মানুষই এখানকার ক্রেতা।
নিম্ন আয়ের মানুষদের কেনাটা একটু দেরিতেই শুরু হয়। বেশির ভাগ ক্ষেত্রে ঈদের বোনাস রমজানের শেষদিকে হাতে আসে। বোনাসের পাশাপাশি পরিচিতজনদের কাছ থেকে বকশিশ পেয়ে কারও হাসিটা আরও প্রসন্ন হয়। আর বোনাস, বকশিশ, মাসের বেতন হাতে পেয়ে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা ছুটছেন সাধ ও সাধ্য অনুযায়ী নিজের এবং প্রিয়জনদের জন্য ঈদের কেনাকাটা করতে। তবে হকারদের হাঁকানো উচ্চ দাম বাগ্বিতণ্ডার কারণ হচ্ছে মাঝে মাঝে।
রাজধানীর বাসাবো এলাকা থেকে আশরাফ আলী তার তিন ছেলেকে নিয়ে এসেছেন গুলিস্তান হকার্স মার্কেটে। আশরাফ আলী বলেন, ‘ঈদ তো আইয়্যা পড়ছে, নিজের জন্য কিছু না কিনলেও পোলাপাইনের জন্য তো কিনতেই অয়। তা না অইলে তো ঈদের আনন্দ বোঝা যায় না।’ দুপুরে কাঁধে ও হাতে দুটি আলাদা ব্যাগ নিয়ে গুলিস্তান থেকে নবাবপুর অভিমুখে যাচ্ছিলেন মশিউর রহমান। বললেন, সন্ধ্যায় লঞ্চ ছাড়বে। বিকেলের মধ্যে সদরঘাট যেতে হবে। তার আগে বাড়ির সবার জন্য কিছু নতুন জামাকাপড় কিনবেন। জিজ্ঞেস করি, আগে কেনেননি কেন? মশিউরের উত্তর, ‘ভাই মোরা ছোডখাডো চাকরি হরি। মালিকগো সব খরচাপাতির কাম খতম অইলে মোগো বোনাসের কতা মনে আহে। ডিউটির চোডে আগে বাজার হরার সময় মেলে না। কাইল রাইতে বোনাস পাইয়া আইজ বাড়ি রওনা দেছি। জামাকাপড়ও আইজ ক্যানতে আছি।’
ফুটপাতের ক্রেতারা দাবি করছেন এবার জামাকাপড়ের বেশি দাম হাঁকাচ্ছেন হকারেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর চকবাজার, গুলিস্তান, সদরঘাট, ফার্মগেট, যাত্রাবাড়ী, খিলগাঁও, মিরপুর এলাকার ফুটপাত ও হকার্স মার্কেট ঘুরে দেখা গেল এবার কাপড়ের দাম গত বছরের চেয়ে বেড়েছে। চকবাজারের পাইকারি প্রতিষ্ঠানেও এই ধরনের শাড়ি কিংবা পোশাক আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। চকবাজারের রিফাত ক্লথ স্টোরের আশরাফুজ্জামান বলেন, এবার ৪০০ টাকার কমে কোনো শাড়ি বিক্রি হচ্ছে না। গত বছর এসব শাড়ি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। একটু ভালো মানের শাড়ি কিনতে হলে দাম পড়বে ৬০০ টাকা। মিরপুরের সুলতানা বস্ত্র বিতানের বেলাল হোসেন জানালেন, জাকাতে দেওয়া হয় কিংবা নিম্ন আয়ের মানুষজন কেনে এমন লুঙ্গি গত বছর বিক্রি হয়েছে সর্বনিম্ন ১২০ টাকায়। এবার দুইশ টাকার নিচে লুঙ্গি নেই। ডেমরার প্রিন্ট শাড়িগুলোর দাম ছিল ২৫০ টাকা। এবার তার দাম ৪০০ থেকে ৬০০ টাকা। দাম বেড়েছে পাঞ্জাবিরও।
ফুটপাতে জামাকাপড়ের পাশাপাশি প্রসাধনসামগ্রীসহ নানা ধরনের শৌখিন জিনিস কিনছেন শ্রমজীবী মানুষেরা। পিরোজপুরের হাসাব রহমান আড়াই শ টাকা দিয়ে একটি রোলেক্স ঘড়ি কিনেছেন গুলিস্তান থেকে। ‘মনের মতন একটা জিনিস কিনলাম।’ একগাল হেসে বললেন হাসিব।
এদিকে ক্রেতাদের সামলাতে মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রাখছেন দোকানিরা। কারওয়ানবাজার এলাকার ফুটপাতের দোকানি রেদওয়ান বলেন, ‘কয়দিন ধরে বেচাকেনা বাড়ছে, কাস্টমাররা বেশির ভাগই ইফতারের পরে আসে, তাই ভোররাত পর্যন্ত দোকান খোলা রাখতে হয়।’ আগামী কটা দিন এ রকমই চলবে বলে আশা করছেন তাঁরা।