দেউলবাড়ী দোবরা ভেঙে দুই ইউনিয়ন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়ন ভেঙে দুটি ইউনিয়ন করা হয়েছে। ওই ইউনিয়নের এক বাসিন্দার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১৯ সেপ্টেম্বর ইউনিয়নটিকে ভাগ করে।নতুন ইউনিয়নটির নাম কলারদোয়ানীয়া। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।নাজিরপুর উপজেলার কলারদোয়ানীয়া এলাকার আল আমিন রিজভী বলেন, ‘ইউপি নির্বাচনের আগে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি আবেদন করি। এতে আমি উল্লেখ করি, জেলার সব চেয়ে বড় আয়তনের ইউনিয়ন এটি। দূরের লোকজনকে বিভিন্ন কাজে ইউপি কার্যালয়ে আসতে অনেক কষ্ট হয়। এ কারণে ইউনিয়নটি ভাগ করা প্রয়োজন।’দেউলবাড়ী দোবরা ইউপির চেয়ারম্যান মো. ওয়ালী উল্লাহ জানান, আগে ইউনিয়নটির আয়তন ৪৫ দশমিক ৫২ বর্গকিলোমিটার এবং এখানে লোকসংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। বর্তমানে এ ইউনিয়নটি ভাগ করে কলারদোয়ানীয়া নামে আরেকটি ইউনিয়ন করা হয়েছে।দেউলবাড়ী দোবরার আয়তন ২৬ দশমিক ২৫ বর্গ কিলোমিটার এবং কলারদোয়ানীয়া ইউনিয়নের আয়তন করা হয়েছে ১৯ দশমিক ২৭ বর্গকিলোমিটার। নতুন ইউপির অস্থায়ী কার্যালয় মুনিরাবাদ গ্রামে করা হয়েছে।জেলা প্রশাসক মো. রুহুল আমীন জানান, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত দেউলবাড়ী দোবরা ইউপির চেয়ারম্যানকে কলারদোয়ানীয়া ইউনিয়নের কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, নির্বাচন কমিশনে ভোটার তালিকা পুনর্বিভাজনের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পেলে ওই দুই ইউনিয়নে নির্বাচন করা হবে।