দেওয়ানি আদালত স্থানান্তরে গেজেট অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহর থেকে একটি দেওয়ানি আদালত (সিভিল কোর্ট) জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় স্থানান্তরের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
আবেদনকারীপক্ষ জানায়, গত বছরের ৫ মার্চ বরিশাল শহর থেকে দেওয়ানি আদালতটি মেহেন্দীগঞ্জে স্থানান্তরে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য গোলাম কবির বাদল রিট করেন। প্রাথমিক শুনানির পর গত বছরের ৬ মে হাইকোর্ট রুল দেন এবং গেজেটের কার্যকারিতা স্থগিত করেন।
রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত গতকাল তা মঞ্জুর করে করে রায় দেন। আবেদনকারীপক্ষে মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় শুনানি করেন। পরে মনজিল মোরসেদ বলেন, মাসদার হোসেন মামলার রায় অনুসারে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত। কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়াই আইন মন্ত্রণালয় বরিশাল শহর থেকে একটি দেওয়ানি আদালত মেহেন্দীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ও গেজেট প্রকাশ করে। এ কারণে গেজেটটি অবৈধ ও সংবিধানপরিপন্থী ঘোষণা করা হয়েছে।