দেওয়ানি মামলা তিন হাজার বিচারক মাত্র একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের পাঁচটি উপজেলার পাঁচজন সহকারী জজ এবং একজন জ্যেষ্ঠ সহকারী জজের স্থলে কর্মরত আছেন মাত্র একজন সহকারী জজ। এসব আদালতে প্রায় তিন হাজার দেওয়ানি মামলা ঝুলে আছে।
গত বুধবার আদালত প্রাঙ্গণে আসা আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তাছিরুল ইসলাম (৩৫) জানান, তিনি একটি জমির মালিকানাবিষয়ক মামলায় প্রায় আট বছর ধরে উপজেলা সহকারী জজ আদালতে ঘুরছেন। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে। নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দেন ঠিকই কিন্তু বিচারকের অভাবে নতুন তারিখ পড়ছে। একই ধরনের কথা বলেন উপজেলার সাতখামার গ্রামের সোলায়মান আলী। তিনি বলেন, বিচারক না থাকায় চার বছর ধরে আদালতে ঘুরছেন। বর্তমানে বিচারক আছেন। কিন্তু একই বিচারককে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা ও দেবীগঞ্জ উপজেলার মামলাগুলোও পরিচালনা করতে হচ্ছে।
সরকারি কৌঁসুলি (জিপি) আফজাল হোসেন বলেন, দেওয়ানি মামলা পরিচালনার লক্ষ্যে পাঁচ উপজেলার জন্য পাঁচজন সহকারী জজ ও একজন জ্যেষ্ঠ সহকারী জজ থাকার কথা। কিন্তু কোনো সময়ই এসব পদ পূরণ করা হয়নি। সব সময় তিন-চারজন বিচারকের পদ শূন্য থাকে, বর্তমানে একজন বিচারক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জ্যেষ্ঠ সহকারী জজ না থাকায় মিস কেস, নিষেধাজ্ঞা জারি, পারিবারিক মামলা পরিচালনা হচ্ছে না। এসব মামলা এখন যুগ্ম জেলা জজকে পরিচালনা করতে হয়। যুগ্ম জেলা জজ আবার নিজের আদালতের বাইরে সহকারী সেশন জজ, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন ট্রাইব্যুনাল এবং অর্থ ঋণ আদালতের মামলা পরিচালনা করেন। স্বাভাবিকভাবে তিনিও সময় দিতে পারেন না।
দেওয়ানি মামলার আইনজীবী ইসমাইল হোসেন সরকার বলেন, বিচারক-সংকটের কারণে দেওয়ানি মামলার বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এ জন্য বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
আদালত সূত্র জানায়, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে মোট বিচারকের সংখ্যা নয়জন। এর মধ্যে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং একজন সহকারী জজ আছেন। জ্যেষ্ঠ সহকারী জজ ও চারজন সহকারী জজের পদ শূন্য রয়েছে। অথচ জ্যেষ্ঠ সহকারী জজ ও সহকারী জজের ছয়টি আদালতে প্রায় তিন হাজার মামলা রয়েছে। এর সঙ্গে প্রতিদিন নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে। একজন বিচারকের পক্ষে এতগুলো মামলার নথি পর্যালোচনা করা, সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক শোনা, নোট নেওয়া, আদেশ লেখা ইত্যাদি করা সম্ভব হয় না। এ কারণে মামলা জট ও বিচারপ্রার্থীদের বিড়ম্বনা বাড়ছে।
আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আমিনুর রহমান বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিকে এবং পঞ্চগড়-২ আসনের সাংসদকে দেওয়ানি আদালতে বিচারক-সংকটের কথা বলা হয়েছে। শুনেছি, দুজনকে নিয়োগ দিয়েছেন। কিন্তু তাঁরা এখনো যোগ দেননি।