দেওয়ান ফরিদ গাজীর দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুষ্পার্ঘ্য অর্পণ ও হাজারো মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাংসদ (হবিগঞ্জ-১) দেওয়ান ফরিদ গাজীর মরদেহ গতকাল শনিবার বিকেলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকার কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দেওয়ান ফরিদ গাজীর মরদেহ গতকাল সকাল আটটার দিকে তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জের বাহুবলে পৌঁছায়। সেখান থেকে সকাল সাড়ে নয়টায় মরদেহ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা হয়। এতে হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান, আওয়ামী লীগের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জেলা প্রশাসক মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেইন চৌধুরীসহ অসংখ্য মানুষ অংশ নেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় সাংসদের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়ার বালিধারা গ্রামে। দেবপাড়ায় সকাল ১০টায় হয় তাঁর চতুর্থ জানাজা। পরে মরদেহ নবীগঞ্জ উপজেলা সদরে নেওয়া হয়। নবীগঞ্জ জে কে স্কুলমাঠে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। নবীগঞ্জ জে কে স্কুলের ফুটবল মাঠে বেলা ১১টায় পঞ্চম জানাজা হয়। জানাজা শেষে তাঁর মরদেহ সিলেট নেওয়ার পথে শেরপুর এলাকার জনগণ লাশ বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে জানাজা পড়ার দাবি জানালে সেখানে তাঁর ষষ্ঠ জানাজা হয়।বেলা ১১টা ৫০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আবারও জানাজা হয়। বেলা দুইটা ২০ মিনিটের দিকে সাংসদের মরদেহ সিলেট নগরের চৌহট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাঁর মরদেহ শেষবারের মতো দেখার জন্য একে একে যান রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বেলা তিনটা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে তাঁর মরদেহ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নেওয়া হয়। আসরের নামাজের পর সেখানে সর্বশেষ জানাজা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেটের সিটি মেয়র বদরউদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, মরহুমের বড় ছেলে মিলাদ গাজী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিসহ কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেন। এরপর তাঁর মরদেহ দাফন করা হয়। প্রবীণ এই রাজনীতিবিদ গত শুক্রবার ভোর পাঁচটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সিলেট, হবিগঞ্জ ও বাহুবল প্রতিনিধি)