দেওয়ানগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে হামলা জাল ভোট?
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার ক্ষমতাসীন দলের লোকজনের বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে হামলা, জাল ভোট প্রদান ও বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ শেষে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করা হয়।
এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত আবুল কালাম আজাদ এবং বিএনপি-সমর্থিত মনিরুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দেওয়ানগঞ্জ পৌর এলাকার কাকেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালুগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারদলীয় ক্যাডাররা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায় এবং ভোট প্রদানে বাধা দেয়। এ ছাড়া উপজেলার পদ্মনগর, চুনিয়ারপাড়া, বাহাদুরাবাদ, নয়াপাড়া ও টাবুরচর ভোটকেন্দ্রে আওয়ামী লীগের ক্যাডাররা ঢুকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে।
রশিদুজ্জামান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তোয়াক্কা না করে সরকারদলীয় ক্যাডাররা বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। উপজেলার ৬৮টি কেন্দ্রের অন্তত ২৪টিতে তারা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইসতিয়াক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বেশির ভাগ কেন্দ্রে গিয়েছি। ওই ধরনের কোনো ঘটনা আমার চোখে পড়েনি।’
বাহাদুরাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, এই কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে বিএনপি-সমর্থকদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের নির্দেশে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি রুকনুদ্দিনকে আটক করে পুলিশ। এ ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।