দেওয়ানগঞ্জে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার উপজেলার দেওয়ানগঞ্জ-তারাটিয়া সড়কের পোল্ল্যাকান্দি বাজারে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
গতকাল বেলা একটার দিকে আয়োজিত এ মানববন্ধনে বাহাদুরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। এতে দেওয়ানগঞ্জ-তারাটিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাকিরুজ্জামান রাখান, স্থানীয় রঞ্জু মিয়া, জুয়েল মিয়া প্রমুখ বক্তৃতা করেন। তাঁরা নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ইউনিয়নে চারজন নিহত হওয়ার রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বেলা দুইটার দিকে সড়কে আবারও যান চলাচল শুরু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৮ মে পঞ্চম ধাপে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্র দখল করা নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শাকিরুজ্জামান ও বিদ্রোহী প্রার্থী শাহজাহান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শেখপাড়া গ্রামের স্কুলছাত্র মাজেদ মিয়া, একই গ্রামের কৃষক নূর ইসলাম, কুতুবের চর গ্রামের জিয়াউর রহমান ও নূর ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।