দেওয়ানগঞ্জে ত্রিমুখী লড়াই
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ঘরানার একজন স্বতন্ত্র প্রার্থী আছেন। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে না গেলে নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটার ও দল দুটির নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহনেওয়াজ শাহানশাহ, বিএনপির প্রার্থী এ কে এম মুসা ও স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নূরুন্নবী ওরফে অপু।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। দলের একটি অংশের নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও অপর অংশের নেতৃত্বে আছেন জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ। মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের নেতাদের পছন্দ ছিল মো. শাহনেওয়াজ শাহানশাহকে। সাংসদ বর্তমান মেয়র শেখ মোহাম্মদ নূরুন্নবীকে মনোনয়ন দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত শাহনেওয়াজ শাহানশাহ আওয়ামী লীগের মনোনয়ন পান। পরে দলীয় মনোনয়ন না পেয়ে শেখ মোহাম্মদ নূরুন্নবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একটি সূত্র জানায়, যদি সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পক্ষের মধ্যে নির্বাচন উপলক্ষে সমঝোতা না হয় তাহলে আওয়ামী লীগের অনেক ভোট বিএনপির একক প্রার্থীর ঝুলিতে চলে যেতে পারে।
বিএনপির মেয়র প্রার্থী এ কে এম মুসা বলেন, ‘আওয়ামী লীগের একজন মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাঁরা দুজন ওই দলের সমর্থনেই মাঠে রয়েছেন।’
বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নূরুন্নবী বলেন, ‘ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আমি সাংসদের পক্ষে থাকায় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছি।’
আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহ বলেন, ‘সাংসদ আবুল কালাম আজাদের ভাতিজা হলেন ওই স্বতন্ত্র প্রার্থী। তাঁর নেতৃত্বে ওই প্রার্থী এখনো নির্বাচনী মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার করছেন আওয়ামী লীগের একটি অংশ নাকি তাঁর পক্ষে রয়েছে। যেখানে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সেখানে দলীয় নেতা-কর্মী আমার বাইরে যেতে পারে না।’