দেওয়ানগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আধা ঘণ্টা ভোট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ কারণে ওই ভোটকেন্দ্রে আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কেন্দ্রে ঢুকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম ওরফে মনিরের সমর্থকেরা জাল ভোট দিচ্ছে—এমন অভিযোগ তোলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকেরা। এ সময় দুই পক্ষের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিরাপত্তার জন্য ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

বাহাদুরবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, সংঘর্ষের সময় নিরাপত্তার জন্য আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ১২টার দিকে আবার ভোট নেওয়া শুরু হয়।