দেওয়ানগঞ্জে মা-মেয়ের ওপর এসিড-হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর গ্রামে গত শনিবার রাতে গৃহবধূ জরিফুল ও তাঁর বৃদ্ধ মা ছামিরনের ওপর এসিড-হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছামিরনের বাঁ চোখসহ মুখমণ্ডল এবং জরিফুলের বুক, ঘাড়, পিঠ ও হাত মারাত্মকভাবে ঝলসে গেছে।গৃহবধূ জরিফুল (৩৯) প্রথম আলোকে বলেন, রাতে তিনি তাঁর বাবার বাড়িতে মা ছামিরনসহ একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে চাচাতো দেবর জামিউল ইসলাম ঘরে ঢুকে তাঁর শরীরে এসিড ঢেলে দেন। মা ছামিরনের মুখেও এসিড লাগে। এ সময় তিনি জামিউলকে জড়িয়ে ধরে চিত্কার দেন। কিন্তু প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি পালিয়ে যান।জরিফুল আরও বলেন, মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর ২০ বছর আগে বিয়ে হয়। বিয়ের আগে স্বামীর চাচাতো ভাই জামিউল তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে উত্ত্যক্ত করতেন জামিউল। বিয়ের পরও তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। কিন্তু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে বেশ কয়েকবার মারধর করেছেন জামিউল। এমনকি তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘মা-মেয়ের এসিডদগ্ধ হওয়ার অভিযোগটি আমি শুনেছি। ঘটনাস্থলে ও জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।’