দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে আহত এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঠারচর গ্রামে র‌্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় কাবিল (৩৫) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁর বাড়ি থেকে একটি শাটার গান ও একটি গুলি এবং বেশ কিছু জাল ডলার ও ডলার ছাপানোর বিপুল পরিমাণ কাগজ উদ্ধার করা হয়েছে। র‌্যাব সদস্যরা গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ অভিযান চালান। র‌্যাবের ভাষ্যমতে, দেওয়ানগঞ্জ উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ও জাল ডলার প্রতারক কাবিলকে গ্রেপ্তারে র‌্যাব সদস্যরা গতকাল বেলা দেড়টার দিকে খুঠারচর গ্রামে অভিযান চালান। র‌্যাবের দল গ্রামবাসীর সহযোগিতায় কাবিলের বাড়ি ঘেরাও করে। এ সময় বাড়ির ভেতর থেকে কাবিল ও তাঁর সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলিতে কাবিল গুরুতর আহত হন। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে। পুলিশ পাহারায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা র‌্যাবের দুজন সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর আলী ও কনস্টেবল হাসিবুল ইসলামকে বেধড়ক লাঠিপেটা করে। আহত র‌্যাব সদস্যদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।