দেওয়ানগঞ্জে হাতির আক্রমণে ঘরবাড়ি লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর গ্রামে গত মঙ্গলবার রাতে পাঁচটি বাড়ি লন্ডভন্ড করেছে হাতির পাল। ওই গ্রামে চার হাজার বাসিন্দার মধ্যে আবারও হাতি-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের বালুঘাট পাহাড় থেকে ৩০-৪০টি হাতির একটি পাল ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামে ঢুকে পড়ে। হাতির পাল গ্রামের আবদুস সাত্তার, মোহাম্মদ হুমায়ুন কবীর, কুতুব আলী, সামসের আলী ও সাইফুল ইসলামের টিনশেড ঘর তছনছ করে। গ্রামবাসী মশাল জ্বালিয়ে, হইহুল্লোড় করে, ঢাকঢোল পেটালে হাতির পাল গতকাল বুধবার সকালে বালুঘাট পাহাড়ে ফিরে যায়। দুই-তিন মাস ধরে ওই গ্রামে হাতির পাল আসা বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত থেকে গ্রামের প্রায় চার হাজার বাসিন্দার মধ্যে আবারও হাতি-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাখনের চর গ্রামের আলামিন মিয়া বলেন, ‘গত রাতে হাতির পাল গ্রামে ঢুকে বাড়িঘরে হামলা চালায়। গ্রামবাসী জীবন বাঁচাতে বাড়িঘর রেখে একটি মাঠে গিয়ে অবস্থান নেয়। এরপর হাতির পাল ওই পাঁচটি ঘর ভেঙে তছনছ করে। গ্রামবাসী রাতে মশাল জ্বালিয়ে ও হইহুল্লোড় করে হাতি তাড়ানোর চেষ্টা চালায়। গতকাল সকালে হাতি চলে গিয়েছে। বেশ কিছুদিন ধরে এই গ্রামে হাতির আক্রমণ বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রশিদ বলেন, হাতির পাল ওই গ্রামে ঢুকে পাঁচটি বাড়ি ভাঙচুর করেছে। ওই পাঁচজনের ক্ষতির পরিমাণ নিরূপণ করে সাহায্য করার চেষ্টা করা হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ওই গ্রামে হাতির আক্রমণের খবর শুনেছি। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।