দেওয়ানহাটে উড়াল সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দেওয়ানহাটে গতকাল শুক্রবার একটি উড়ালসেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এর উদ্বোধন করেন। ২৩ কোটি টাকা ব্যয়ে এই উড়ালসেতু নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন শেষ হওয়ার কথা রয়েছে। উড়ালসেতুর নির্মাণকাজ উদ্বোধনের সময় গণশিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন সারা দেশে উন্নয়নের স্রোতধারা সৃষ্টি করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, তখন তথাকথিত ১৮ দলীয় জোট নাটকীয় ইস্যু তৈরি করে হরতাল করছে। সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিডিএর সদস্য মফিজুর রহমান, সচিব তাহেরা ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন প্রমুখ।আফছারুল আমীন বলেন, রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আসা যানবাহনগুলো অলংকার হয়ে দেওয়ানহাট মোড় দিয়ে চট্টগ্রামে প্রবেশ করত। যানজটের কবলে স্থবির হয়ে পড়া এই সড়ক সম্প্রসারণের সুফল পেতে উড়ালসেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভাপতির বক্তব্যে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ৮৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত রাস্তা ৭২ ফুট চওড়া করার কাজ এগিয়ে চলছে। তারই সম্পূরক প্রকল্প মনসুরাবাদ-কদমতলী দেওয়ানহাট উড়ালসেতু চট্টগ্রামের সঙ্গে বাইরের জেলাগুলোর যোগাযোগ আরও সহজ ও গতিশীল করবে।