দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতা কমাতে সংসদে বিল
দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে দেওয়ানি কার্যবিধিতে সংশোধনী আনার সুপারিশ করে কোড অব সিভিল প্রসিডিউর (সংশোধন) বিল-২০১২ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল সোমবার বিলটি উত্থাপন করেন।পরে বিলটি যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে দেওয়ানি বিচারব্যবস্থায় একটি মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগে, যে কারণে মামলার সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মামলা পরিচালনার ব্যয়ও। বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা ছয় লাখ ৩৪ হাজার ৪১৪টি। আনুষ্ঠানিকভাবে বিচারের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য দেওয়ানি কার্যবিধিতে এর আগে সংশোধনী আনা হলেও তা আশানুরূপ হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেওয়ানি মামলার ক্ষেত্রে বিদ্যমান আইনে বিবাদীর অনুপস্থিতিতে তাঁর পরিবারের পক্ষে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য সমন গ্রহণ করতে পারেন। কিন্তু প্রাপ্তবয়স্ক নারীরা যাতে সমন গ্রহণ করতে পারেন, তা এখন সময়ের দাবি। সে জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।