দেওয়ানি মামলায় বিচারকের আর্থিক এখতিয়ার বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ানি মামলার আপিল শুনানিতে জেলা জজের আর্থিক এখতিয়ার পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এর ফলে আপিল মামলার শুনানি করতে এখন প্রত্যন্ত অঞ্চল থেকে বিচারপ্রার্থীদের হাইকোর্টে আসা কমবে এবং লোকজনের কষ্ট লাঘব হবে বলে মনে করছেন মন্ত্রিসভার সদস্যরা।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ-সংক্রান্ত আইনের সংশোধন গতকাল সোমবার অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ওই আইন অনুযায়ী দেওয়ানি মামলায় সহকারী জজের আর্থিক এখতিয়ার দুই লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা এবং জ্যেষ্ঠ সহকারী জজের আর্থিক এখতিয়ার চার লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ারে কোনো পরিবর্তন হয়নি। কারণ তিনি যেকোনো মূল্যের জমি-সংক্রান্ত দেওয়ানি মামলার বিচার করতে পারেন।
গতকাল সংশোধিত ওই আইনটির নাম দ্য সিভিল কোর্টস (সংশোধিত) অধ্যাদেশ-২০১৫ এবং এর খসড়া মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ সংশোধনীর ফলে দেওয়ানি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হবে। সম্পত্তির মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ায় তার সঙ্গে সংগতি রেখে দেওয়ানি আদালতের এসব এখতিয়ারও বাড়ানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে কোস্টগার্ড আইন-২০১৫ এর খসড়া অনুমোদন করা হয়েছে। আইনটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আইনের আদলে করা হয়েছে। কোস্টগার্ডের আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
গতকালের বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশ থেকে জি-টু-জি ভিত্তিতে টানেল নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে বাণিজ্যিক চুক্তি সইয়ের জন্য বাংলাদেশ প্রতিনিধি দলের চীন সফর সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেন।