প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা চলচ্চিত্রজগতের জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। আনোয়ার হোসেন বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খবর বাসস ও ইউএনবির। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন শিল্পীকে দেখতে হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর আত্মীয়দের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে পাঁচ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা: প্রধানমন্ত্রী গতকাল তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে সাভারে রানা প্লাজা ধসে পঙ্গু হয়ে যাওয়া ১০ পোশাকশ্রমিককে এক কোটি পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন। চলতি বছরের ২৪ এপ্রিলে এই মর্মান্তিক ভবনধসের ঘটনা ঘটে।
অনুদান গ্রহণ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্যসচিব মোর্তুজা আহমেদ গতকাল তাঁদের মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের একদিনের বেতনের চেক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ ছাড়া বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া অন্যান্য সংস্থা হচ্ছে, ফরেন অফিসার’স ওয়াইভস অ্যাসোসিয়েশন, কমিউনিটি ক্লিনিক প্রজেক্ট ও থার্মেক্স গ্রুপ।